পাটকেলঘাটা প্রতিনিধি: পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ (অনূর্ধ্ব-২০, নারী ও পুরুষ)’। দেশব্যাপী উদীয়মান কাবাডি খেলোয়াড় তৈরি এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ টুর্নামেন্ট সফল করতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহায়তায় খেলোয়াড় বাছাই ও টিম গঠনের কাজ শুরু হয়েছে।
নিয়ম অনুযায়ী, ইউনিয়ন পর্যায় থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে প্রথমে থানা দল গঠন করা হবে। থানা পর্যায়ের বিজয়ী দল জেলা পর্যায়ে এবং পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। আগামী ৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সব পর্যায়ের খেলা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। জাতীয় খেলা কাবাডিকে তৃণমূলে ছড়িয়ে দিতে এ আয়োজন বড় ভূমিকা রাখবে। অনূর্ধ্ব-২০ বয়সের আগ্রহী নারী ও পুরুষ খেলোয়াড়দের প্রাথমিক বাছাইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।