দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে আবারও বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে জীবিত অবস্থায় সেগুলো স্থানীয় খালে অবমুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার একটি টিম উপজেলার কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫টি পলি ব্যাগ ভর্তি ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত রেনু পোনার বিষয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। রেনু পোনাগুলো দীর্ঘ সময় সংরক্ষণ করলে মারা যাওয়ার আশঙ্কা থাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সেগুলো অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বসন্তপুর এলাকার দেবহাটা খালে জব্দকৃত রেনু পোনাগুলো অবমুক্ত করা হয়।
এ সময় ওসি আব্দুল আলিম বলেন, “অবৈধভাবে ভারতীয় রেনু পোনা পরিবহন, মজুত ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে।”
রেনু পোনা অবমুক্তকালে এসআই আলামিন, এসআই নকীব, এএসআই সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত এক মাসে দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ৩৪ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়েছে। এর আগে জব্দকৃত রেনু পোনাগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল। পুলিশের ধারাবাহিক অভিযানে সীমান্তবর্তী এলাকায় অবৈধ রেনু পোনা ব্যবসা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









