সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও কাব দলসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সচিত্র প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের ২১ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের ছবি ইমেইলের মাধ্যমে জেলা প্রশাসকের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ বলেন, বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়, শিক্ষার্থীসহ সবার সম্মিলিত দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে আমরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং বিদ্যালয়ের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, কাব দল ও অন্যান্য সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশে পাঠদান ও শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে বিদ্যালয়ের আঙিনা, শ্রেণিকক্ষ ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার মানসিকতা গড়ে উঠবে বলে আশা করা যায়।









