বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এসময় দুই ব্যক্তিকে আটক করেছে ।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন-দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকার বাসিন্দা মৃত ইলিয়াস খানের ছেলে মোঃ ইয়াকুব খান (২৯), এবং একই এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ নাজিম উদ্দীন (৪১)।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার সুশীলগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ads small one

অধিবেশন চলাকালে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
অধিবেশন চলাকালে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক: জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত নেতা ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার শারীরিক খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।
জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।

শুরুতে এগিয়ে থেকেও শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
শুরুতে এগিয়ে থেকেও শিরোপা হাতছাড়া বাংলাদেশের

এশিয়ান গেমস বাছাই হকিতে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশের নারী দল। দুর্ভাগ্য ফাইনালে শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি রিয়া-অর্পিতারা। চাইনিজ তাইপের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। যদিও গ্রুপ পর্বে দুই দলের লড়াই ৫-৫ গোলে ড্র হয়েছিল।

ইন্দোনেশিয়ার জাকার্তায় বুধবার ম্যাচের ৮ মিনিটেই বাংলাদেশ প্রথম লিড নেয়। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অর্পিতা পাল; চাপে পড়ে যায় চাইনিজ তাইপে। অবশ্য এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রতিপক্ষ। টানা তিনটি গোল করে তারা ঘুরে দাঁড়ায়, আর তিনটিই আসে আক্রমণভাগ থেকে।

১৭ মিনিটে ওয়াং ইউ গোল করে সমতা ফেরান। বিরতির পর বাংলাদেশ আরও কোণঠাসা হয়ে পড়ে। ৩২ মিনিটে ম্যাও সুন দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এর আট মিনিট পর হুয়াং টি ইউ টিং তৃতীয় গোল করে বাংলাদেশের ওপর আরও চাপ বাড়ান।

শেষদিকে অর্পিতা, রিয়ারা কিছু আক্রমণ গড়ে তুললেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। তাদের একাধিক প্রচেষ্টা প্রতিপক্ষের রক্ষণভাগে ব্যর্থ হয়েছে। তবু এই অর্জন বাংলাদেশের নারী হকির জন্য ঐতিহাসিক। প্রথমবার বাছাইয়ে অংশ নিয়েই রানার্সআপ হওয়া তাদের বড় সাফল্য। এর মাধ্যমে চলতি বছর জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার যোগ্যতাও অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।

আন্তর্জাতিক নৃত্য দিবসে বিজরীর স্মৃতিচারণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক নৃত্য দিবসে বিজরীর স্মৃতিচারণ

আন্তর্জাতিক নৃত্য দিবসে স্মৃতিময় এক পোস্ট শেয়ার করেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতুল্লাহ। ছোটবেলার একটি ছবি প্রকাশ করে তিনি জানান, নাচই তার জীবনের ভিত্তি তৈরি করেছে এবং এই পথেই গড়ে উঠেছে তার আজকের পরিচয়।

তিনি লেখেন, “সঙ্গীত ভবন”-এ সাত বছর নাচ শেখা আমার জীবনের একটি বিরাট অভিজ্ঞতা। নৃত্যগুরু শিবলী মোহাম্মদের কাছে কত্থক, বেলায়েত হোসেন খানের কাছে ভরতনাট্যম এবং আমার মা জীনাত বরকত উল্লাহর কাছে দেশীয় লোকজ নৃত্যে আমার হাতেখড়ি হয়।”

তিনি আরও বলেন, “আমার নৃত্যজীবনে সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছি আমার বাবা মে. বরকত উল্লাহর কাছ থেকে। তাদের কারণেই আজ আমি বিজরী।”

মায়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, “আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। যিনি জীবনের বড় অংশ নৃত্যশিল্পের জন্য উৎসর্গ করেছিলেন এবং একুশে পদকে ভূষিত হয়েছেন।”

নিজের প্রথম স্টেজ পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি জানান, “তখন আমার বয়স ছিল প্রায় ১১–১২ বছর। জার্মান কালচারাল সেন্টারে ‘সংগীত ভবন’-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে সেই নাচটি করেছিলাম—আজও সেটা স্পষ্ট মনে আছে।”

পোস্টের শেষে তিনি সকল নৃত্যগুরু ও শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা জানান।

বিজরী বরকতুল্লাহ বাংলাদেশের টেলিভিশন নাটক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি মঞ্চ ও নৃত্যচর্চার সঙ্গে যুক্ত আছেন। শিল্প ও সংস্কৃতির ধারাবাহিক চর্চার কারণে তিনি দর্শক ও সহশিল্পীদের কাছে একজন পরিশীলিত ও নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবে পরিচিত।