নওয়াপাড়ায় শ্রমিকনেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
শ্রমিকনেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের নওয়াপাড়ায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নওয়াপাড়া বুইকারা গোরস্তানে প্রয়াতের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির নেতৃবৃন্দ। পরে তাঁরা এক মিনিট নীরবতা পালন ও শপথ পাঠ করেন।
বিকেল ৩টায় নওয়াপাড়া নৌযান কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি বাহারুল ইসলাম বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ্ আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এবং আলোচক ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
সভায় আরও বক্তব্য দেন নৌযান শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি আজিজুল হক মাস্টার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক নূর আলম মাস্টার, ট্রেড ইউনিয়ন সংঘের খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের অভয়নগর থানা সভাপতি মনিরুল ইসলাম বাবু, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতিকুল ইসলাম টিটোসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। সভা পরিচালনা করেন ট্রেড ইউনিয়ন সংঘের অভয়নগর থানা সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন।
বক্তারা বলেন, দিদারুল হক ছিলেন শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন নিষ্ঠাবান ও ত্যাগী নেতা। শ্রমিক আন্দোলনে তাঁর আদর্শ, সাহস ও সংগ্রামী ভূমিকা থেকে শিক্ষা নিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নিতে হবে।
বক্তারা জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান। তাঁরা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে এসব দাবি বাস্তবায়নে আন্দোলন জোরদার করা প্রয়োজন।
প্রধান অতিথি শাহ্ আলম ভূঁইয়া বলেন, দেশের অর্থনৈতিক সংকটের কথা বিবেচনায় সরকারকে সময় দেওয়া হয়েছে। তবে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে। স্মরণসভা আয়োজনের ক্ষেত্রে ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম ব্যবহারের সুযোগ না দেওয়ায় তিনি ক্ষোভ ও প্রতিবাদ জানান। প্রেসবিজ্ঞপ্তি






