নারী ও কন্যা নির্যাতন বিরোধী বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: “পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্রÑকোথাও নারীরা সম্পূর্ণ নিরাপদ নয়। প্রতিদিনের নির্যাতন ও সামাজিক অনাচার পুরো রাষ্ট্র ও সমাজের জন্য লজ্জাজনক। এই সংকট রুখতে প্রতিটি পরিবারে মানবিক শিক্ষা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।”
মঙ্গলবার (১৯ মে) সাতক্ষীরা রাজারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে আয়োজিত এক দেশব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। স্কুল, কলেজ, মাদ্রাসা ও গণপরিসরে যৌন সহিংসতা ও কুপ্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক মন্টু দাশ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রূপা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক নাছিমা নাছরিন এবং ব্রাঞ্চ এক্সিকিউটিভ মোঃ মফিজুল ইসলাম। বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, ধর্ষণ ও অনলাইন নিপীড়নের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একযোগে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।









