শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

নিজ বাড়িতেই ঠাঁই নেই সাবেক জেলা শিক্ষা কর্মকর্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
নিজ বাড়িতেই ঠাঁই নেই সাবেক জেলা শিক্ষা কর্মকর্তার

এসএম বাচ্চু: একসময় সামলেছেন জেলার শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। যাঁর স্বাক্ষরে হাজারো শিক্ষকের রুটি-রুজি আর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারিত হতো, জীবনের শেষ প্রান্তে এসে সেই মানুষটিই এখন আশ্রয়হীন। নিজের বানানো দোতলা বাড়ি থেকে বিতাড়িত হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরার সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিয়ার রহমান সরদার।

মতিয়ার রহমান সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের বাসিন্দা। ১৯৭০ সালে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে ১৯৯৭ সালে তিনি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সর্বশেষ ২০০৫ সালে তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অবসরে যান তিনি।

চাকরির সঞ্চয় দিয়ে খুলনার বাগমারা এলাকায় সাড়ে পাঁচ কাঠা জমির ওপর ছয় কক্ষের একটি দৃষ্টিনন্দন দোতলা বাড়ি নির্মাণ করেছিলেন মতিয়ার রহমান। দুই ছেলে ও তাঁদের পরিবার নিয়ে সেখানেই ছিল তাঁর সুখের সংসার। কিন্তু ২০১৫ সালে স্ত্রী সালমা খাতুনের মৃত্যুর পর পাল্টে যায় দৃশ্যপট।

মতিয়ার রহমানের অভিযোগ, স্ত্রীর মৃত্যুর পর সন্তান ও পুত্রবধূদের আচরণ বদলে যেতে থাকে। একপর্যায়ে তাঁকে নিজ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঠাঁই হয় খুলনার গল্লামারী এলাকায় মেয়ের ভাড় করা একটি বাসায়। সেখানে প্রায় তিন বছর একাকী রান্না করে কোনোমতে জীবন পার করেন তিনি। পরে ২০১৮ সালে তালা উপজেলার সুফিয়া বেগম নামের এক নারীকে বিয়ে করেন। গত ৯ বছর ধরে এই স্ত্রীই তাঁর একমাত্র ভরসা ও সেবাযতœ করছেন।
বৃদ্ধ এই কর্মকর্তার অভিযোগ, তাঁর ছোট ছেলের স্ত্রী কৌশলে বাড়ির সম্পত্তি দানপত্রের মাধ্যমে নিজের নামে লিখে নিয়েছেন। এখন নিজ বাড়িতেই তাঁর প্রবেশাধিকার নেই।

একসময়ের প্রতাপশালী এই শিক্ষা কর্মকর্তা এখন নিজের দাফনের জায়গা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। তিনি বলেন, “নিজের ঘাম ঝরানো উপার্জনে বাড়ি বানালাম, আজ সেখানেই আমি পরবাসী। জীবনের শেষ সময়টা নিজ বাড়িতে কাটাতে চাই।”

অসহায় এই প্রবীণ কর্মকর্তার মানবেতর জীবনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযোগের বিষয়ে তাঁর ছেলেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Ads small one

তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা শনিবার (২৭ জুন) সকালে উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

‎উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য সচিব অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, কেন্দ্রীয় পানি কমিটি নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, এসএম আকতার ফারুক পিন্টু, মো. নুর আলম মোল্যা, মো. মোর্শারফ হাওলাদার, চিত্তরঞ্জন শীল, শেখ রুহুল কুদ্দুস, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক নন্দী দীপংকর, শেখ সাদেকুজ্জামান, জিএম আমানুল্লাহ, অচিন্ত্য সাহা, শফিকুল ইসলাম, শেখ সেলিম আকতার স্বপন, আব্দুর রউফ বাবু, জিএম শহিদুল্লাহ, রুহুল আমিন, ইয়াইয়া ইকবাল, হাজী আনছার আলী, আবুল ফজল, মফিজুর রহমান, সাংবাদিক মো. রুহুল আমীন, আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, মোস্তাফিজুর রহমান রেন্টু, যুব পানি কমিটির মনিরা খাতুন, উত্তরণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ রাফাত, রেজোয়ান হোসেন, মোস্তাফিজুর রহমান, গোলাম হোসেন প্রমুখ।

 

সভায়- নদী ভরাট, নদী-খাল সংস্কার, টিআরএম বাস্তবায়ন এবং জলাবদ্ধতা দূরীকরণে কর্ম-পরিকল্পনা গ্রহণের উপর আলোচনা হয়।

দেবহাটায় গাঁজাসহ ১ জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
দেবহাটায় গাঁজাসহ ১ জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামি গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি এবং এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) গভীর রাতে দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার ও এএসআই (নি.) সাগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। রাত ১২টার দিকে উত্তর সখিপুর এলাকায় অভিযান চালিয়ে দেবহাটার উত্তর সখিপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে সাগর আহমেদ (২৬) কে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে পৃথক আরেকটি অভিযানে কুলিয়া এলাকার বালিয়াডাঙ্গা (আশু মার্কেট) থেকে পরোয়ানাভুক্ত আসামি আইজুল মিস্ত্রি ওরফে আজিজুল জোয়ার্দ্দার এর ছেলে মিজানুর রহমান (২৭) কে গ্রেপ্তার করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো গুনধর ছেলে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো গুনধর ছেলে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আনোয়ারা বেগম(৭২) নামে এক বৃদ্ধা নারীর মুখে লাথি দিয়ে দাঁত ভেঙে দিয়েছে তারই এক গুনধর ছেলে। পারিবারিক কলহের জেরে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার কলবাড়ি গ্রামে। পরবর্তীতে স্বজনরা উদ্ধার করে ঐ বৃদ্ধাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে ভুক্তোভোগী ঐ নারী মারধরের অভিযোগে নিজ সন্তান মনিরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করে।

ভুক্তোভোগী বৃদ্ধার ছোট ছেলে আফতাবুজ্জামান জানান, তার বড় ভাই মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালীনি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। একই বাড়িতে অবস্থানের কারনে দীর্ঘদিন ধরে তার বড় ভাই ও ভাবি মায়ের উপর নানাভাবে অত্যাচার করছিল। শুক্রবার তুচ্ছ কোন পারিবারিক বিষয়ে বাদানুবাদের এক পর্যায়ে মনিরুল তার মায়ের মুখে লাথি দিলে সামনের একটি দাঁত ভেঙে যায়। এঘটনায় ভাবি ফেরদৌসি ইসলাম ঝর্ণাসহ বড় ভাইয়ের বিরুদ্ধে তার মা মামলা করেছে।

অভিযুক্ত মনিরুল ইসলামের মুটোফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি।

শ্যামনগর থানার ওসি তদন্ত পিয়ার উদ্দীন জানান রাতে মামলা দায়েরের পর আসামীকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। এধরনের অপরাধীর সামাজিক পরিচয় বিবেচনায় না নিয়ে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর চেষ্টা চলছে।