বুধবার, ১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নি:শব্দে বয়ে যাওয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
নি:শব্দে বয়ে যাওয়া

 

জহুরুল হক জুলু

তুমি চলে গেলে
সময় থেমে থাকেনি,
দেয়ালে ক্যালেন্ডারের পাতা
উল্টে গেছে নির্দ্বিধায়
তবু আমার ভেতরে
এক জায়গা আজও আগের মতোই স্থির,
সেখানে তুমি আছো,
না ফেরার প্রতিশ্রুতি হয়ে।

নতুন আলো আসে,
নতুন সংলাপ বুনে রাখি প্রতিদিন,
তবু এক অন্তর্লীন স্তরে
তোমার অনুপস্থিতি নিরবধি শব্দে বাজে
না বলা কথার মতো,
যা শুধুই অনুভবযোগ্য, উচ্চারণ নয়।

কথোপকথন নেই, ছবি নেই,
তবু হঠাৎ করেই
কোনো সুর, কোনো গন্ধ,
বা কোনো ছায়া
টেনে আনে আমাকে তোমার দিকে-
যেন মনের অতল থেকে উঠে আসে
আমার দেওয়া কোনো এক ডাকনাম,
যা শুধু তুমিই জানতে, আর কেহ নয়।

প্রতিদিন নিজেকে সাজাই ব্যস্ততার মুখোশে,
হাসি দেই, কথা বলি,
কিন্তু একাকিত্বের নিরব ক্ষরণ থামে না কখনো-
কারণ কিছু অনুভূতি
সময়ের ধারায় মুছে যায় না,
বরং সময়কে উপেক্ষা করেই টিকে থাকে।

আমার বুকের গভীরে
একটি অলিখিত চিঠি আজও অপেক্ষায়-
হয়তো কোনোদিন পাঠানো হবে না,
তবুও প্রতিটি অক্ষরে গাঁথা থাকে তুমি,
যার ঠিকানা এখনো হারিয়ে যাওয়া নয়,
শুধু অপরিবর্তিত।

আমি বদলে গেছি হয়তো,
খোলস পাল্টেছে জীবন,
কিন্তু হৃদয়ের যে খুঁটি,
সেখানে আজও তোমার ছায়া—
ধুলোপড়া কাচের ভেতর থেকে
আলো হয়ে জ্বলে,
নিঃশব্দে, নিঃশেষে।

তুমি না থেকেও আছো-
আমার প্রতিটি মৌনতায়,
প্রতিটি নিশ্বাসে,
প্রতিটি না বলা কষ্টে।
এই অনুভূতির নেই কোনো ভাষা,
নেই কোনো পরিণতি-
আছে শুধু এক দীর্ঘস্থায়ী প্রমাণ:
ভালোবাসা কখনো মুছে যায় না।

Ads small one

আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই সভা হয়।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আশাশুনির যৌথ আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
সভায় আগামী ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সমবায়ীদের পুরস্কার বিতরণ এবং সুফলভোগী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ‘পুওর ওয়েলফেয়ার ফোরাম’ (পফ)-এর নতুন কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কামটাস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভা হয়।
সংগঠনের সাবেক সভাপতি সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও নির্বাচন কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম। সাবেক সাধারণ সম্পাদক আহছান হাবীবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বেসরকারি সংস্থা ‘আইডিয়াল’-এর নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, এই স্বেচ্ছাসেবী সংগঠনটি স্থানীয় এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।

তালায় নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
তালায় নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তালা প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটা আসননগর মোড় থেকে হরিণখোলা হয়ে মাছখোলা রোড পর্যন্ত নতুন রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার গোয়ালপাতা মন্দির প্রাঙ্গণে এই কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, এই এলাকার মূল সমস্যা জলাবদ্ধতা। রাস্তাঘাট, মসজিদ ও মন্দিরের উন্নয়নের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।