বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

পাঁচ বছর বয়সেই ছোটপর্দায় ‘ম্যারাডোনা’র অভিষেক!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
পাঁচ বছর বয়সেই ছোটপর্দায় ‘ম্যারাডোনা’র অভিষেক!

 

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ফুটবল মাঠের ম্যারাডোনা বিশ্ব মাতিয়েছেন তাঁর পায়ের জাদুতে। তবে এই ‘ম্যারাডোনা’ মাত্র পাঁচ বছর বয়সেই ক্যামেরার সামনে নিজের প্রতিভার জানান দিতে শুরু করেছে। বাবার হাত ধরে বিনোদন অঙ্গনের নতুন মুখ হিসেবে ছোটপর্দায় অভিষেক হলো শিশুশিল্পী ম্যারাডোনা সরদারের। ম্যারাডোনা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের লেখক ও নাট্যপরিচালক মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের একমাত্র সন্তান। আসন্ন ঈদুল ফিতরে এসএ টিভির ঈদের বিশেষ সাত পর্বের একটি ধারাবাহিকে ‘শুভ’ চরিত্রে দেখা যাবে এই নবাগতকে।
পারিবারিক আবহের এই নাটকটি রচনা করেছেন মমর রুবেল এবং প্রযোজনা করেছে অরোরা অ্যাড মিডিয়া। আর নাটকটি পরিচালনা করেছেন ম্যারাডোনার বাবা মৃত্যুঞ্জয় সরদার নিজেই। নাটকে ম্যারাডোনাকে জনপ্রিয় অভিনেতা সঞ্জয় রাজ ও অভিনেত্রী নওসীন নাহারের সন্তান হিসেবে অভিনয় করতে দেখা যাবে।
নির্মাতা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস জানান, “ম্যারাডোনা প্রথম স্ক্রিনের সামনে আসে যখন তার বয়স মাত্র এক বছর। ‘গ্যাংস্টার’ নামের একটি নাটকে চুরির দৃশ্যে তার শুধু উপস্থিতি ছিল, কোনো সংলাপ ছিল না। তবে এবার সে রীতিমতো মুখে সংলাপ নিয়ে তার অভিনয় জীবন শুরু করল। নতুন হলেও ক্যামেরার সামনে সে বেশ আত্মবিশ্বাসী ছিল।”
নাটকটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সঞ্জয় রাজ, তামিম খন্দকার, গোলাম ফরিদা ছন্দা, নওসীন নাহার, মিষ্টি ঘোষ, মাসুম বাসার, রেবেকা রউফ, আমিন আজাদ ও রিমুরোজা খন্দকার প্রমুখ।
নির্মাতা আশা প্রকাশ করেন, চরিত্রের সঙ্গে ম্যারাডোনার সাবলীল অভিনয় দর্শকদের ভালো লাগবে। নতুন এই যাত্রায় খুদে এই অভিনেতার জন্য শুভকামনা জানিয়েছেন নাটকের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Ads small one

ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা

দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে দেড় হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং গড়ে চারজনের মৃত্যু হচ্ছে। এ পরিস্থিতিতে আগামী দুই মাসে ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সমন্বয়হীনতা এবং দেশজুড়ে একযোগে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম না চালানোর কারণেই পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। শুধু পূর্ণবয়স্ক মশা নিধন নয়, ডেঙ্গুর বাহক এডিস ইজিপ্টাই ও এডিস অ্যালবোপিক্টাস মশার প্রজননস্থল ও ডিম পাড়ার স্থান ধ্বংসের ওপর জোর দিতে হবে। কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দুই মাসে ডেঙ্গু আবারও মহামারি আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তাদের।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪০৮ জন, ময়মনসিংহে ৭৭ জন, চট্টগ্রামে ১১৭ জন, খুলনায় ২৪২ জন, রাজশাহীতে ১১৬ জন, রংপুরে ৭১ জন, বরিশালে ১৪২ জন এবং সিলেটে ৮ জন রয়েছেন।

চলতি বছরের জুনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জনে। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনের পরিস্থিতিতেও ডেঙ্গু রোগীর সংখ্যা কমার কোনো প্রবণতা দেখা যাচ্ছে না।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০ জনের।

গত বছর ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখের বেশি মানুষ। ২০২৪ সালে এক লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ। ওই বছর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

হাসপাতালে বাড়ছে জ্বরের রোগী

শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চার বছরের শিশু মারিয়াকে নিয়ে এসেছেন তার মা মারুফা বেগম (২৮)। তিন দিন ধরে জ্বরে ভুগছে মারিয়া। ডেঙ্গুর আশঙ্কায় তাকে হাসপাতালে আনা হয়েছে। মারুফা বেগম জানান, তাদের বাসার সবাই জ্বরে আক্রান্ত। হাসপাতালে চিকিৎসকের কাছে দেখানোর জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন ওষুধ নিতে আসা রোগীর সংখ্যাও বেড়েছে। এক মাস আগে যেখানে প্রতিদিন প্রায় ২৫০ জন রোগী আসতেন, এখন সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বেশির ভাগ শিশুই জ্বর, শরীরে র‌্যাশ ও ডায়রিয়ায় আক্রান্ত। অনেকের ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ হলেও তাদের মধ্যে ডেঙ্গুর উপসর্গ রয়েছে। এ কারণে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে হচ্ছে। প্রতিদিন অন্তত ৫ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

তিন বছরের শিশু তামান্নাকে মোহাম্মদপুর থেকে হাসপাতালে নিয়ে এসেছেন তার বাবা রিয়াজ উদ্দিন। তিনি একজন ব্যাংকার। শিশুটির মায়েরও জ্বর রয়েছে এবং বাসায় চিকিৎসা নিচ্ছেন। তামান্নার ডেঙ্গু নাকি হাম হয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন পরিবারটি।

মশা নিধনের বদলে প্রজনন বন্ধের তাগিদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই পরিস্থিতি বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে দুটি প্রক্রিয়া রয়েছে। একটি হলো এডিস মশা নিয়ন্ত্রণ করা, অন্যটি হলো ডেঙ্গু আক্রান্ত রোগীকে এমনভাবে আলাদা রাখা, যাতে মশা তাকে কামড় দিয়ে অন্যদের মধ্যে ভাইরাস ছড়াতে না পারে। এর কোনোটিই সফলভাবে করা সম্ভব হয়নি।

তিনি বলেন, মশা নিধনের লক্ষ্য থেকে সরে এসে মশার উৎপাদন বা প্রজনন বন্ধের দিকে যেতে হবে। পূর্ণবয়স্ক মশা মেরে ফেললে সাময়িকভাবে মশার ঘনত্ব কমে। কিন্তু প্রজননস্থল থেকে গেলে সেখান থেকে নতুন মশা জন্ম নেবে।

তার আশঙ্কা, আগামী দুই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে। সেপ্টেম্বর ও অক্টোবর ঐতিহাসিকভাবেই ডেঙ্গুর জন্য গুরুত্বপূর্ণ সময়।

ড. কবিরুল বাশার বলেন, খণ্ড খণ্ডভাবে অভিযান না চালিয়ে তথ্যভিত্তিক জাতীয় কর্মসূচি নিতে হবে। প্রজননস্থল, মশার ঘনত্ব ও রোগের তথ্যের ওপর ভিত্তি করে সমন্বিতভাবে মশা নিয়ন্ত্রণ, রোগ শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত দেশজুড়ে একযোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান চালাতে হবে। টানা দুই থেকে তিন দিন এই কার্যক্রম চালিয়ে বছরে অন্তত দুবার করতে হবে।

তিনি পাঁচটি পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এর মধ্যে রয়েছে এডিস মশার আবাস ও ডিম পাড়ার স্থান পরিষ্কার করা, দেশব্যাপী কার্যকর প্রাপ্তবয়স্ক ও লার্ভা নিধনকারী মশার ওষুধ ছিটানো, এলাকাভেদে বৈজ্ঞানিকভাবে কার্যকর ওষুধ নির্বাচন, কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, আনসার-ভিডিপি, রাজনৈতিক কর্মী, স্বেচ্ছাসেবক ও এনজিওকে সম্পৃক্ত করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ডেঙ্গুর টিকা চালু করা। পাশাপাশি সারা বছর মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চালু রাখারও পরামর্শ দেন তিনি।

তিন মাসের বিশেষ কর্মসূচি

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার তিন মাসের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আগামী শনিবার ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী বলেছেন, আগামী তিন মাস ঝুঁকিপূর্ণ সময়। এ সময়ে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদেরও এ কার্যক্রমে যুক্ত করা হবে।

কর্মসূচির সমন্বয় করবে মহানগর এলাকায় সিটি করপোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবক, স্কাউট, বিএনসিসি, গার্ল গাইড, বাংলাদেশ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।

ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের ঠিক একদিন আগে আগামী শুক্রবার মুখোমুখি দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১২-১৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই শীর্ষ সম্মেলনের আগেই দুই শীর্ষ নেতার সাক্ষাৎ ও ব্রিকস সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রায় বাণিজ্যের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ভারতীয় সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন মতবিনিময় সভায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, রাশিয়া ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে তাদের মোট বাণিজ্যের ৯০ শতাংশ লেনদেনই নিজ নিজ জাতীয় মুদ্রায় সম্পন্ন করছে। দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মোদি ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তারা বাস্তববাদী এবং বৈশ্বিক এজেন্ডা ও দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোও খোলামেলা ও গঠনমূলকভাবে আলোচনা করতে পারেন।

কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞাকানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
পাশ্চাত্যের নিষেধাজ্ঞার হুমকিতে থাকা ভারতীয় ব্যবসাগুলোর কথা উল্লেখ করে পেশকভ বলেন, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার অনেক বিষয়ই প্রকাশ্যে আলোচনা করা সম্ভব নয়, যা অন্তরালে খুব গভীরভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, ভারতীয় কোম্পানিগুলো রুশ বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী এবং মস্কো এটিকে স্বাগত জানায়। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি তেল সরবরাহে প্রতি মাসেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থানকে স্বাগত জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘আমরা ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই এবং রাশিয়া এই প্রক্রিয়ায় উন্মুক্ত। আমরা কখনও এই যুদ্ধ চাইনি’। একই সঙ্গে তিনি যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা এবং মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার উদ্যোগকেও স্বাগত জানান।

হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাতহরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের অন্তর্ভুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার যে তালিকা চেয়েছিল, সে বিষয়ে পেশকভ বলেন, যুদ্ধের ময়দানে থাকা ভারতীয়দের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব স্বদেশে ফেরত পাঠানোর কাজ চলছে।

বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা

শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, মানুষের হয়ে বিভিন্ন কাজও করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এমনই একটি ব্যক্তিগত এআই এজেন্ট ‘মিউজ’ উন্মোচন করেছে মেটা। এটি ব্যবহারকারীর লক্ষ্য পূরণে সক্রিয়ভাবে সহায়তা করবে, বিভিন্ন পরামর্শ দেবে এবং প্রয়োজন অনুযায়ী নিজে থেকেই কাজ এগিয়ে নেবে।

মেটার নতুন এই এআই এজেন্টটি তৈরি করা হয়েছে নিরাপত্তা ও গোপনীয়তার ওপর গুরুত্ব দিয়ে। মিউজ পরিচালিত হবে ‘মিউজ সিকিউর ভিএম’ নামের একটি বিশেষ ভার্চুয়াল মেশিনে, যেখানে এজেন্ট ও ব্যবহারকারীর তথ্য সংরক্ষিত থাকবে। মিউজ অ্যাপ বা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য কারও সঙ্গে মেসেজ চালাচালির মতো করেই এর সঙ্গে কথা বলা যাবে।

মিউজকে কাজ দিতে শুধু কী করতে হবে তা জানালেই হবে। এরপর ‘মিউজ স্পার্ক’ মডেলের মাধ্যমে সেটি কাজ শুরু করবে। মেটার দাবি, এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম মডেল, যা বাস্তব জীবনের এজেন্টভিত্তিক কাজের জন্য তৈরি।

কীভাবে কাজ করবে মিউজ

অন্যান্য এজেন্টের তুলনায় মিউজ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রযুক্তিগত অভিজ্ঞতা ছাড়াই যে কেউ এটি ব্যবহার করতে পারেন। ই-মেইল পাঠানো বা ভ্রমণ বুকিংয়ের মতো সাধারণ কাজের পাশাপাশি বড় কোনও লক্ষ্য পূরণেও এটি সহায়তা করতে পারবে।

কোনও লক্ষ্য জানালে মিউজ ব্যক্তির জন্য একটি নিজস্ব পরিকল্পনা তৈরি করবে, সময় ও প্রয়োজনীয় সম্পদ সমন্বয় করবে এবং এরপর নিজে থেকেই কাজ এগিয়ে নেবে। এটি ব্রাউজার খুলতে, বিভিন্ন ফর্ম পূরণ করতে এবং ব্যবহারকারীর হয়ে দর-কষাকষিও করতে পারবে।

কোনও কাজ শেষ হতে সময় লাগলে অ্যাপ বন্ধ করে দিলেও মিউজ কাজ চালিয়ে যাবে। পরিস্থিতিতে পরিবর্তন এলে বা ই-মেইল পাঠানো কিংবা কেনাকাটার মতো সংবেদনশীল কাজের আগে অনুমতির প্রয়োজন হলে এটি আবার ব্যবহারকারীর কাছে ফিরে আসবে।

মিউজ কম পরিশ্রমে আরও ভালো ফল পাওয়ার ক্ষেত্রেও সহায়তা করবে। যেমন গাড়ি বেশি দামে বিক্রি করা, কোনও বিল কমানো কিংবা জীবনের অন্যান্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ পরিকল্পনা বদলে দেওয়া।

নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবেনিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
অনলাইন কেনাকাটাতেও মিউজ

কেনাকাটার সময় মিউজ স্ট্রাইপের তৈরি ‘লিংক’ ব্যবহার করে পেমেন্ট করতে পারবে। মেটার দাবি, লিংক-এর ক্রয় সুরক্ষা সুবিধার আওতায় থাকা প্রথম এআই এজেন্ট মিউজ। এতে ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়া পণ্যের জন্য বিনামূল্যে সুরক্ষা, দাম কমে গেলে সুবিধা, অতিরিক্ত ফি ছাড়া ফেরত এবং যোগ্য পণ্যে রিটার্ন গ্যারান্টির মতো সুবিধা রয়েছে।

লিংক-এর এজেন্ট ওয়ালেট একবার ব্যবহারযোগ্য কার্ড তৈরি করবে। ফলে ব্যবহারকারীর আসল কার্ডের তথ্য গোপন থাকবে। শিগগিরই আরেকটি পেমেন্ট পদ্ধতি হিসেবে ‘শপ পে’ এবং আগে থেকে থাকা লগইন ব্যবহারের জন্য ‘ওয়ানপাসওয়ার্ড’ সমর্থনও যুক্ত হবে।

মিউজ ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। ফলে ব্যবহারকারী নতুন করে নির্দেশ না দিলেও এটি বিভিন্ন পরামর্শ দিতে পারবে এবং আগে একবার বলা তথ্য কাজে লাগাতে পারবে।

উদাহরণ হিসেবে, ইনস্টাগ্রামে সংরক্ষণ করা কোনও রেসিপির রিল থেকে এটি বাজারের তালিকা তৈরি করতে পারবে, ডিনার পার্টির জন্য মেনু সাজেস্ট করতে পারবে এবং অতিথিদের খাবারসংক্রান্ত বিধিনিষেধ মনে রেখে আমন্ত্রণ পাঠানোর আগে তা বিবেচনায় নিতে পারবে।

নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

ব্যক্তিগত এআই এজেন্টের জন্য নতুন ধরনের নিরাপদ কম্পিউটার প্রয়োজন উল্লেখ করে মেটা ‘মিউজ সিকিউর ভিএম’ তৈরি করেছে। মেটার দাবি, এতে গোপনীয়তা, নিরাপত্তা ও সুরক্ষার বিশেষ ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

মিউজ ক্লাউডে নিজস্ব একটি আলাদা কম্পিউটারে চলবে। এটি এমনভাবে বিচ্ছিন্ন থাকবে, যাতে অন্য কোনও ব্যবহারকারীর এজেন্ট সেখানে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীর সংযুক্ত বিভিন্ন সেবার তথ্য ও পরিচয় যাচাইয়ের তথ্যও সেখানে নিরাপদে সংরক্ষিত থাকবে।

একই কম্পিউটারে ‘সেন্টিনেল’ নামে আলাদা একটি এজেন্ট কাজ করবে, যা সিস্টেম পর্যায়ে মিউজ থেকে বিচ্ছিন্ন থাকবে। সেন্টিনেল অনুমোদন না করলে মিউজের কোনও কাজই ইন্টারনেটে পৌঁছাতে পারবে না। প্রয়োজন হলে ব্যবহারকারীর অনুমতিও চাইবে এটি।

মিউজ ব্যবহারকারীর পাসওয়ার্ড বা পেমেন্ট পদ্ধতি দেখতে পারবে না। শেয়ার করা পরিচয় যাচাইয়ের তথ্য নিরাপদ সংরক্ষণে রাখা হবে, যাতে মিউজ সেগুলো না দেখেই ব্যবহার করতে পারে।

ই-মেইল পাঠানো বা কেনাকাটার মতো সংবেদনশীল কাজের আগে মিউজ ব্যবহারকারীর অনুমতি নেবে। একই সঙ্গে এটি এখন পর্যন্ত কী করেছে এবং সামনে কী করতে চায়, তার পূর্ণ অডিট ট্রেইল দেখাবে।

কোন কোন অ্যাপের সঙ্গে মিউজ যুক্ত হবে এবং কতটা প্রবেশাধিকার পাবে, তা ব্যবহারকারীই নির্ধারণ করবেন। ই-মেইলের ক্ষেত্রে মিউজ শুধু মেইল পড়বে, নাকি ব্যবহারকারীর হয়ে মেইলও পাঠাতে পারবে- সেটিও ঠিক করে দেওয়া যাবে।

যেকোনও সময় প্রবেশাধিকার পরিবর্তন বা কোনও সেবা বিচ্ছিন্ন করা যাবে। মেটার এআই মডেল প্রশিক্ষণে নিজেদের কথোপকথন ব্যবহার না করার সুযোগও থাকবে ব্যবহারকারীদের।

মিউজ ব্যবহারকারীর কথোপকথন বা তাদের ভার্চুয়াল মেশিনে থাকা তথ্য মেটার বিজ্ঞাপন ব্যবস্থার সঙ্গে শেয়ার করবে না। আবার মিউজ যে তথ্য মনে রেখেছে, ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কোনও তথ্য ‘ভুলে যেতে’ বলতেও পারবেন।

চলতি বছরের শেষের দিকে ‘মিউজ কনফিডেনশিয়াল ভিএম’ চালুর পরিকল্পনা রয়েছে মেটার। এতে ব্যবহারকারীর তথ্য ও মিউজের সঙ্গে কথোপকথনসহ পুরো ভার্চুয়াল মেশিন এমন একটি চাবি দিয়ে এনক্রিপ্ট করা হবে, যা শুধু ব্যবহারকারীর কাছে থাকবে। ফলে মেটাও এসব তথ্য দেখতে পারবে না।

কোথায় চালু হচ্ছে মিউজ

মেটার পরিকল্পনা অনুযায়ী, মিউজ যুক্তরাষ্ট্রে আইওএস, অ্যান্ড্রয়েড ও মিউজ.এআইতে চালু হচ্ছে। শিগগিরই এটি এআই-চালিত চশমাতেও আসবে।

অধিকাংশ প্রয়োজনীয় কাজের জন্য মিউজ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে আরও বেশি সুবিধা নিতে চাইলে সাবস্ক্রিপশন প্ল্যান থাকবে।

মেটার মতে, ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স ভবিষ্যতে মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। মিউজ সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ- যার মাধ্যমে এআই মানুষের আরও বেশি কাজের দায়িত্ব নেবে, যাতে তারা নিজেদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বেশি মনোযোগ দিতে পারেন।

সূত্র: মেটা