বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ডিএসপিসহ নিহত ১১

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ডিএসপিসহ নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ দলের ওপর সন্ত্রাসী হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও এক সাব-ইন্সপেক্টরসহ অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।

বুধবার (১১ অক্টোবর) কোহাটের গামবাত এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১২ জন।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানান, অবৈধ খননকাজের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পুলিশের দলটি হামলার শিকার হয়।

জম্মু-কাশ্মীরে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ৩ সদস্যজম্মু-কাশ্মীরে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ৩ সদস্য
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে হতাহতের পাশাপাশি পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। হামলায় গামবাতের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ হায়দার জামান ও সাব-ইন্সপেক্টর মুখতিয়ার নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশের মুখপাত্র আরও জানান, হামলাকারীরা গুলি চালিয়ে যেতে থাকলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য ও গাড়ি পাঠানো হয়। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার পর জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এ ঘটনায় খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

গভর্নর বলেন, সন্ত্রাসবাদ ও অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ সদস্যদের আত্মত্যাগ পুরো জাতির জন্য গর্বের বিষয়। এসব আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। প্রদেশটির তথ্য, জনসংযোগ, ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনবিষয়ক উপদেষ্টা সামার হারুন বিলৌরও হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফিতনা আল-খাওয়ারিজ ও অপরাধী চক্রের যোগসাজশ আইনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে খাইবার পাখতুনখোয়া পুলিশের আত্মত্যাগ অবিস্মরণীয়। আহত পুলিশ সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের প্রশংসা করেন।

কাশ্মীরবিষয়ক ও গিলগিট-বালতিস্তানবিষয়ক মন্ত্রী আমির মুকামও এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মত্যাগ পুরো জাতির জন্য গর্বের বিষয়।

Ads small one

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ।

চার রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৭৩। অন্যদিকে, রেটিং পয়েন্ট বেড়ে ৭৮ হওয়ায় দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ডারউইনে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ। এরপর থেকেই দলের পারফরম্যান্সে ধারাবাহিক অবনতি হয়েছে। ম্যাকাইতে হার, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ড্র এবং সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার- সব মিলিয়ে র‍্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়েছে শান্তর দল।

ক্যারিবীয়দের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হারে স্বাগতিকরা। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টটি ড্র হয়। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তার পরেই রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরায় আইনি নোটিশ কারিনাকে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরায় আইনি নোটিশ কারিনাকে

পবিত্র কোরআনের আয়াত খোদাই করা ঐতিহাসিক একটি পান্নার লকেট পরায় আইনি নোটিশ পেয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ভোপালের রাজপরিবারের ঐতিহ্যবাহী এই গয়না ঘিরে আপত্তি জানিয়েছেন সমাজকর্মী আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য।

দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে ধরা দিয়েছিলেন কারিনা। এদিন ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের একটি কাফতান পরেছিলেন তিনি। তবে কারিনার সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট।

এতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত ‘আয়াতুল কুরসি’। লকেটটি একসময় ভোপালের বেগমের মালিকানায় ছিল। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে এটি কারিনার কাছে আসে।

কারিনার এই সাজের বিস্তারিত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তুলে ধরেছেন তার স্টাইলিস্ট রিয়া কাপুর। তিনি লিখেছেন, ‘কারিনা পরেছেন পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। সঙ্গে রয়েছে ২০০ বছরের পুরোনো একটি কলগি, যা ভোপালের নবাবের এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।’

গয়নাগুলোর পারিবারিক ইতিহাস তুলে ধরে রিয়া আরও জানান, এগুলো ভোপালের রাজপরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ। সাইফের পরিবারের মাধ্যমে এসব গয়না এসেছে। তার দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে।

এদিকে, কারিনাও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলির সাজের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্‌যাপন করা।’

তবে ঐতিহাসিক এই গয়না পরাকে কেন্দ্র করে আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সাতক্ষীরায় বিএনপির ২০ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিএনপির ২০ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে দলের ২০টি সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা তাঁতিদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মিলন শিকদার এবং জেলা তাঁতিদলের সদস্যসচিব এস এম সাহেব আলী।

এ ছাড়া জাতীয়তাবাদী সাইবার দলের আহ্বায়ক এস আই আশা, জেলা জিয়া শিশু-কিশোর দলের সাধারণ সম্পাদক শামীম হোসেন কোরাইশী, জেলা বাস্তুহারা দলের আহ্বায়ক সাইদুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, জেলা তরুণদলের আহ্বায়ক আলমগীর কবির ও সদস্যসচিব আবুল বাশার, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক, জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম ও সদস্যসচিব মহানাথ দাস, জেলা থ্রি-হুইলার দলের সভাপতি ফেরদৌস আলম বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জেলা ন্যাশনালিস্ট অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ফয়জুল কবির খান বিপু ও সদস্যসচিব আব্দুস সবুর, জেলা কর্মজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব হোসাইন ও সদস্যসচিব আবুল হাসান বাবলু, জেলা সাইবার ইউজার দলের সদস্যসচিব হাসান মাহমুদ, জেলা তারেক মঞ্চের আহ্বায়ক মনোয়ার হোসেন ও সদস্যসচিব রফিকুল ইসলাম এবং জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আসাদুজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম গাজী বাবু উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আবু জাহিদ ডাবলু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিকল্পিত অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।

সভায় আবুল হাসান হাদী ও হাবিবুর রহমান হাবিবও বক্তব্য দেন। তাঁরা নিজ নিজ সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এ ক্ষেত্রে জেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।