ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
জাফরান চাষ বললেই সাধারণত কাশ্মীর কিংবা শীতপ্রধান অঞ্চলের কথা মাথায় আসে। তবে সেই ধারণাকে পাল্টে দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের এক দম্পতি। মাটির পরিবর্তে ইনডোর অ্যারোপনিক্স পদ্ধতি ব্যবহার করে মাত্র ৪০০ বর্গফুটের ঘরেই জাফরান ফলিয়ে বাণিজ্যিকভাবে দারুণ সাফল্য পেয়েছেন অক্ষয় হোলি ও দিব্যা লোহাকারে হোলি। এই উদ্যোগ থেকে বর্তমানে তাদের বার্ষিক আয় দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ লাখ রুপি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিবিএ স্নাতক অক্ষয় ও ব্যাংক কর্মকর্তা দিব্যা নাগপুরের লোকসেবা নগর এলাকার ছাদে ৮০ বর্গফুটের উল্লম্ব অ্যারোপনিক্স ইউনিট দিয়ে পরীক্ষামূলকভাবে এ কাজ শুরু করেন। এর আগে দুজনে দুই বছর ধরে কাশ্মীরে গিয়ে প্রায় সাড়ে তিন মাস প্রথাগত চাষপদ্ধতির সূক্ষ্ম বিষয়গুলো শেখেন।
উদ্যোগের বিষয়ে অক্ষয় বলেন, দেশে জাফরানের চাহিদা প্রচুর কিন্তু উৎপাদন কম, আর এই মশলাটি অত্যন্ত দামি। এসব দেখেই আমরা জাফরান চাষের সিদ্ধান্ত নিই।
শুরুতে ১ কেজি ওজনের ১০০টি জাফরানের বীজ থেকে কয়েক গ্রাম উৎপাদন করলেও পরবর্তীতে তা বাড়িয়ে ৩৫০ কেজিতে উন্নীত করেন তারা। এর মাধ্যমে প্রায় ১ হাজার ৬০০ গ্রাম জাফরান উৎপাদিত হয়। বর্তমানে হিংনার একটি ফ্ল্যাটসহ দুটি স্থানে তাদের ৪৮০ বর্গমিটারের চাষ ইউনিট রয়েছে।
অঙ্কুরিত শিকড়গুলোতে সূক্ষ্ম বাষ্প বা কুয়াশার মতো স্প্রে করে পুষ্টি ও পানি সরবরাহের কৌশলকে বলা হয় অ্যারোপনিক্স। এই মাটিবিহীন প্রযুক্তিতে ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তীব্র গরমের নাগপুরেও কাশ্মীরের আবহাওয়া বজায় রাখা সম্ভব হয়। প্রতি বছর আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলে জাফরানের ফসল সংগ্রহ, আর বছরের বাকি সময়টা কাটে বীজ পরিচর্যা ও বৃদ্ধিতে।
কাশ্মীর স্যাফ্রন ইনস্টিটিউট থেকে গ্রেডিং পাওয়ার পর তাদের উৎপাদিত জাফরান প্রতি গ্রাম প্রায় ৬৩০ রুপিতে বিক্রি হয়, যা প্রতি কেজিতে দাঁড়ায় প্রায় ৬ লাখ ৩০ হাজার রুপি।
পাঁচ বছরে প্রায় ৫৫ লাখ রুপি প্রাথমিক বিনিয়োগে এ খাত থেকে তাদের উপার্জন পৌঁছেছে প্রায় ১.৩ কোটি রুপিতে। তাদের যৌথ উৎপাদন গত বছর ৪৫ কেজিতে পৌঁছায়। সৌর বিদ্যুৎ ব্যবহারের ফলে তাদের বিদ্যুতের খরচ যেমন কম থাকে, তেমনি মাটির প্রয়োজন না থাকায় সার ও বাড়তি শ্রমিকের খরচ বাঁচে।
অক্ষয়ের মতে, ১০০ বর্গফুটের একটি ছোট ইউনিট চালু করতে প্রায় ১০ লাখ রুপি খরচ হয়, যা থেকে বছরে প্রায় ৫ লাখ রুপির জাফরান উৎপাদন করা সম্ভব এবং এই ব্যবসায় লাভের অনুপাত থাকে প্রায় ৮০ শতাংশ।
সূত্র: মিন্ট












