পাটকেলঘাটায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ইরি-বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে পাটকেলঘাটা সরকারি খাদ্য গুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। চলতি মৌসুমে তালা উপজেলার ১২টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে এই ধান কেনা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সরকার সেই লক্ষ্যেই সরাসরি ধান ক্রয় করছে। এর ফলে গ্রামীণ সাধারণ কৃষকেরা উপযুক্ত দাম পাবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে। সরকার কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতের সহসভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা শ্রমজীবী পরিষদের সভাপতি হাফেজ শাহ আলমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।












