পাটকেলঘাটায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব পাটকেলঘাটার হাজরাপাড়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার বিকেলে মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হাবিবুল ইসলাম হাবিব বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও জাতির কল্যাণে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় কোরআনের হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে আলেম-ওলামাদের অবদান অনস্বীকার্য।
মাদ্রাসার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে জেলা পরিষদ প্রশাসক বলেন, বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে চলেছে। এই মাদ্রাসার জরুরি উন্নয়নের জন্য তাঁর পক্ষ থেকে দ্রুত আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
মতবিনিময় সভা শেষে তিনি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং ছবি তোলেন। এর আগে তিনি নগরঘাটা ইউনিয়নের আসাননগর-হরিণখোলা সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন।








