পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা, দ্রুত ব্যবস্থার নির্দেশ সংসদ সদস্যের
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারে সাম্প্রতিক টানা বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্ট না থাকায় বাজারের শত শত ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের বসতবাড়িতে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল দুপুরে জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
পরিদর্শনকালে সংসদ সদস্য ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানাকে জরুরি ভিত্তিতে ডেকে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সংসদ সদস্যের এই নির্দেশনার পর গতকাল দুপুরে সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জলাবদ্ধতা নিরসনে কালভার্ট ও ড্রেন নির্মাণ এবং সংস্কারের জন্য একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
আবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই থেকে অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বাজারের ভূষিমাল হাট, হলুদ হাট, জুতা হাট এবং বাজার সংলগ্ন বসতবাড়ির মালামালসহ আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এই দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি রোধে সংসদ সদস্যের সুপারিশে ১০টি পয়েন্টে জরুরি ভিত্তিতে উন্নয়নমূলক কাজের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আলিয়া মাদ্রাসার সামনে থেকে পল্লী বিদ্যুৎ অফিস হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত ড্রেন নির্মাণ, আবদুল হালিমের মোড় হতে ফকির আহম্মেদের বাড়ি পর্যন্ত ড্রেন সংস্কার, সিরাজ গাজী ও জুয়েলের বাড়ির সামনে কালভার্ট নির্মাণ এবং ভূষিমাল হাটের কালভার্ট সংস্কার।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম, শ্রমিক কল্যাণের উপজেলা সেক্রেটারি আবদুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী নিসারুল হক ও সাংবাদিক অধ্যাপক ইয়াসিন আলী প্রমুখ।
সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, পাটকেলঘাটা বাজারের এই জনদুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্যানেল চেয়ারম্যানকে দেওয়া নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করা হয়েছে। জনগণের সমস্যা সমাধানে দ্রুততম সময়ের মধ্যে এই ১০টি উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










