তালায় ৯ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির মোল্লা বাবু (৩৫) পলাতক রয়েছেন। তিনি মহন্দী গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিশুটি রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় মহন্দী পূর্বপাড়া এলাকায় জাকির মোল্লা নামের ওই ব্যক্তি শিশুটির হাত ধরে টেনে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাকির মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তের মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির হাত ধরে টানছিলেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










