পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব ইরানের
অনলাইন ডেস্ক: ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে তারা এ প্রস্তাব দেয় বলে নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ওই বৈঠকে ২০ বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছিল।
ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের ৫ বছরের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরান তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে প্রস্তাব বিনিময় করলেও, এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
তবে আলোচনা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর পথ এখনও খোলা আছে। ইরান ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা মুখোমুখি বৈঠকও করতে পারে।
এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে।
ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এই সংঘাতের একটি প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার পুনর্ব্যক্ত করেছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।
সূত্র: বিবিসি।












