প্রিয় প্রাণসায়র
জহুরুল হক জুলু
প্রিয় প্রাণসায়র,
তোমার তীরে দাঁড়ালে
শহর ধীরে ধীরে তার কোলাহল গুটিয়ে নেয়।
দূরের ব্যস্ততা ঝাপসা হয়ে আসে,
মনে হয়Ñপৃথিবী এখনো নিঃশেষ হয়নি,
নীল আকাশের একটুকরো আশ্রয়
মানুষের জন্য বেঁচে আছে কোথাও।
তুমি জানো জলের গোপন ভাষা,
ঘাসের ডগায় শিশিরের ক্ষণিক স্বাক্ষর,
জানো, সন্ধ্যা হলে পাখিরা
ক্লান্ত দিনটিকে ডালের আড়ালে রেখে যায়।
তোমার চারপাশের সবুজ
শুধু বৃক্ষের সমাবেশ নয়Ñ
এ যেন মানুষের বিস্মৃত বিবেক,
যার ওপর লোভের ধুলো জমেছে,
ক্ষমতার ছায়ায় ঢেকে গেছে স্বচ্ছতার জানালা।
তবু তুমি কেন নীরব?
কেন চাও না সিংহাসন,
কেন বিজয়ের উন্মত্ত পতাকা?
তোমার সমস্ত আকাক্সক্ষাÑ
একটুখানি নির্মল জল,
একটি নির্ভার পৃথিবী।
কতদিন তোমার আকাশে
দূষণের কালো পর্দা নেমেছে,
কতবার জলের আয়নায়
ভেঙে গেছে নীলের মুখ।
মানুষের অবহেলায়
তোমার সৌন্দর্য মলিন হয়েছে,
তবু গভীরে তোমার
জেগে আছে ফিরে পাওয়ার সাধ।
আজ তোমার আকাশে চাঁদ উঠুক,
জলে ফুটে উঠুক তার নির্মল আলোÑ
এই হোক তোমার নীরব প্রার্থনা,
এই হোক তোমার অবিরাম স্বপ্ন।
তুমি যুদ্ধের ভাষা বোঝো না,
বোঝো না ঘৃণার উন্মত্ত হিসাব;
তোমার তীর অপেক্ষায় থাকে
শিশুদের হাসি আর
মানুষের শান্ত পদচারণার।
তাই প্রতিদিন জলের বুকে
লিখে রাখো একটি প্রশ্নÑ
মানুষ কি কোনোদিন
মানুষের মুখে ভালোবাসা খুঁজবে?
নাকি অট্টালিকার পর অট্টালিকা তুলে
নিজের ভেতরেই গড়বে
আরও নিঃসঙ্গ এক পৃথিবী?
আমি জানি,
তুমি এখনো আশাহীন নও;
তোমার গভীর জলের নিচে
একটি ক্ষীণ আলো জেগে থাকে।
প্রাণসায়র,
তোমার স্বপ্নের মতো
আমাদের পৃথিবীও একদিন
শান্তির কাছে ফিরে আসুকÑ
মানুষের সবচেয়ে বড় পরিচয় হোক
মানুষকে ভালোবাসা।









