ফকিরহাটে অন্যের দেয়া চা পানে অসুস্থ হয়ে মা-ছেলে হাসপাতালে
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় একটি ভাড়া বাড়িতে অন্যের দেয়া চা পান করে রমেচা খাতুন (২৬) এবং ছেলে আব্দুল কারিম (৮) অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী রমেচা খাতুন ও তার স্বজনরা জানান, গত চার মাস ধরে ছেলেকে নিয়ে রমেচা খাতুন তার দ্বিতীয় স্বামী রাজু ভূইয়ার কাটাখালী এলাকায় ভাড়া নেয়া বাসায় বসবাস করে আসছেন।
গত শনিবার (১৫ আগষ্ট) দুপুরে জনৈক্য এক যুবক তিন কাপ চা নিয়ে ওই বাসায় গিয়ে রমেচা ও তার ছেলে আব্দুল কারিমকে ফুসলিয়ে সু-কৌশলে চা দেয়। ওই যুবকও নিজে একটা চা পান করেন। কিন্তু রমেচা ও তার ছেলে সেই চা পান করলে তারা দুজই অসুস্থ এবং কিছুটা অচেতন হয়ে পড়েন।
চায়ের ভেতর কিছু একটা মিশানো আছে এমন সন্দেহে দ্রুত ওই নারী ঘর থেকে বের হয়ে অন্যদের ডেকে নিয়ে আসেন। ততক্ষনে ওই যুবক ঘটনাস্থল থেকে সরে যায়। পরে মা -ছেলেকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এখনো পর্যন্ত তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছেন।
ভূক্তভোগী রমেচা খাতুন জানান, ওই যুবকের সাথে আরও এক যুবক ছিল। তাদের উদ্দেশ্য ভাল ছিলনা। ঘটনার সময় ঘর থেকে তার ৩০ হাজার টাকা উধাও হয়ে গেছে বলে জানান। ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেনা বলে জানান। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।
রমেচা খাতুনের বড় বোন নিলুফা বেগম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনেক অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করলে তা তদন্ত পূর্বক পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।












