মণিরামপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে। মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মাছ চাষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার সকাল ১০টায় মণিরামপুর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবু সাঈদ, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ বিভিন্ন এলাকার মৎস্যচাষি ও ঘের ব্যবসায়ীরা।
পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষ হয়।









