ফিরে যাও আততায়ী
বাবুল চৌধুরী
একটি আর্তনাদ শুনি প্রায়শই-ভরাডুবি হয়,
ধস নামে ব্যথিত করে, মনের বনভূমি বিরান-
ধসে যায় ঝড়ে, কালবোশেখির দিনক্ষণ নয়
তবু তান্ডবের অকালবোধন-ব্যথার বাগান।
তানপুরা-মৃদঙ্গ ছিলো মনে, তখন প্রসন্ন সকাল।
ভেতরের পাখি যাকে ভালোবাসি, বড় ভালোবাসি
তার কণ্ঠনালি খিমচে ধরেছে অবাঞ্ছিত আততায়ী
অগুনতি তীরে বিদ্ধ করেছে অচেনা তীরন্দাজ!
নিথর দুপুরে নিরালা পুকুরে গা-জুড়ানো বাতাস
তখন কয়েকটি পাখি কলরবে, লতাগুল্ম থেকে
উঠে এসে একফোঁটা সুরসুধা শুনিয়ে চলে গেছে
মৌন দুপুর গীতরসে খোলতাই ভাষা পেয়েছিল।
আসন্ন রাতে করাল ছায়া চাঁদ গিলে খেতে চায়
লোলুপ সে ছায়া হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে!
একা চরাচরে একটি আর্তনাদ তখন বধির করে,
নিজের উঠোনের সাতরঙ ভেসে যায় শূন্যতায়।
ক্রন্দন শুনি আহত পাখির ডানায় তীব্র মোচড়
প্রাণাধিক যে ব্যথার মোচড়ে সে ছটফট করে।












