মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

বিদায়ী সংবর্ধনায় কৃতজ্ঞতা জানালেন রুবেল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
বিদায়ী সংবর্ধনায় কৃতজ্ঞতা জানালেন রুবেল

সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন রুবেল হোসেন। এরপর দীর্ঘ চার বছর আর দলে সুযোগ পাননি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন তারকা এই পেসার। সোমবার মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ সময় ৩৬ বছর বয়সী রুবেল হোসেনের সঙ্গে তার পরিবারও উপস্থিত ছিল। বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বোর্ডের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থেকে রুবেলকে বিদায়ী শুভেচ্ছা জানান।

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার মুহূর্তে এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবেল। তিনি বিসিবি ও বর্তমান সভাপতি তামিম ইকবালের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অবসরের ঘোষণা দেওয়ার পর তামিম ইকবাল আমাকে ফোন দেয়। সে বলে, রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই। বিষয়টি আমার জন্য খুব গর্বের ও আনন্দের ছিল। আজ এত সুন্দর পরিবেশ তৈরি করে আমাকে সম্মানিত করার জন্য বোর্ড ও বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালকে ধন্যবাদ জানাই।

বিদায়বেলায় তিনজনকে বিশেষভাবে স্মরণ করেছেন এই গতিতারকা। তাদের মধ্যে দুজন তার বাবা-মা, আর অন্যজন প্রখ্যাত কোচ সারোয়ার ইমরান। পেসার হান্ট থেকে রুবেলকে তুলে আনার নেপথ্য কারিগর এই কোচকে স্মরণ করে তিনি বলেন, ‘একটা মানুষের কথা না বললেই নয়, যে মানুষের অবদান এই রুবেল হোসেন হওয়ার পেছনে অন্যরকম। পেসার হান্ট থেকে নিয়ে এসে আমাকে ওপরে ওঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন প্রিয় কোচ শ্রদ্ধেয় সারোয়ার ইমরান স্যার। তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

পাশাপাশি ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে পাশে থাকা স্কুল থেকে শুরু করে জাতীয় দলের সব কোচ, ফিজিও এবং গ্রাউন্ডসম্যানদেরও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

নিজের আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে বাবা-মায়ের অবদানের কথা স্মরণ করে রুবেল বলেন, আজ এখানে দাঁড়াতে পেরেছি আমার বাবা-মায়ের জন্য। আমি তাদের আজ খুব মিস করছি।

খারাপ সময়ে পাশে থাকা বন্ধুবান্ধব, উৎসাহ জোগানো গণমাধ্যমকর্মী এবং অগণিত ভক্ত-সমর্থকদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনারা এভাবে পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ।

Ads small one

কেশবপুরে দুই সন্তানসহ বিষপানে গৃহবধূর মৃত্যু, কন্যা আশঙ্কাজনক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কেশবপুরে দুই সন্তানসহ বিষপানে গৃহবধূর মৃত্যু, কন্যা আশঙ্কাজনক

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঘাস মারার বিষপান করে রহিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ওই গৃহবধূ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শিশু কন্যা নুসরাত (৯) ও ছেলে রহিম (২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশু নুসরাতের অবস্থা আশঙ্কাজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার মূলগ্রামে বাবার বাড়ির পাশে স্থানীয় বিদ্যালয়ের পিছনে গত ১১ এপ্রিল সন্ধ্যায় রহিমা খাতুন তার শিশু কন্যা নুসরাত ও ছেলে রহিমকে ঘাস মারার বিষ খাওয়ায়ে নিজেও খান। এলাকার মানুষ টের পেয়ে তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ রহিমা খাতুন মারা যান। শিশু কন্যা নুসরাত ও ছেলে রহিম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শিশু নুসরাতের অবস্থা আশঙ্কাজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রহিমা খাতুন। তার বাবার বাড়ি কেশবপুর উপজেলার মূলগ্রামে। বাবার নাম আব্দুল মতলেব।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সমরেশ দত্ত বলেন, মঙ্গলবার ভোরে ওই গৃহবধূ মারা যান। শিশু নুসরাতের অবস্থা আশঙ্কাজন। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার জন্য তার স্বজনদেরকে জানানো হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগরে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় অনুপস্থিত ৫০ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
শ্যামনগরে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় অনুপস্থিত ৫০ জন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে এসএসসি,দাখিল ও কারিগরি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত শিক্ষার্থী ৫০ জন এবং উপস্থিত শিক্ষার্থী ২১৮২ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, এসএসসি পরীক্ষার তিনটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থী ১০ জন, দাখিলে দুটি কেন্দ্রে অনুপস্থিত ৩৭ জন ও কারিগরির দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থী ৩ জন। উপস্থিত শিক্ষার্থী এসএসসিতে ১৩৩৯ জন, দাখিলে ৭৩৩ জন ও কারিগরিতে ১১০ জন। এসএসসি পরীক্ষার তিনটি কেন্দ্র হল নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়। দাখিলের দুটি কেন্দ্র হল শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসা ও নওয়াবেঁকী বিড়ালাক্ষা¥ী কাদেরিয়া ফাজিল মাদ্রাসা। কারিগরি পরীক্ষার কেন্দ্র দুটি হল শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

তালায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
তালায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম-এর বদলিজনিত কারণে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল।
বিদায়ী বক্তব্যে গাজী সাইফুল ইসলাম তালা উপজেলার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিইটিসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, তালা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং অন্যান্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ।
তালা উপজেলার ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিপুল সংখ্যক সহকারী শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।