বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:২১ অপরাহ্ণ
ভারতকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক

ভারতের সামরিক ঘাঁটি, সীমান্ত এলাকা ও কৌশলগত স্থাপনায় সার্বক্ষণিক নজরদারি চালাতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক সহযোগিতা আরও জোরদার হয়। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের হাতে আসা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত অবস্থান পর্যবেক্ষণে চীনের স্যাটেলাইট সক্ষমতা ব্যবহার করা হয়ে থাকতে পারে।

প্রতিবেদনে চীনের উচ্চ রেজল্যুশনের অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১-এর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় স্যাটেলাইটটি ভারতীয় বিমানঘাঁটিগুলো পর্যবেক্ষণ করেছে। ইয়াওগান-৪১ পুরো উপমহাদেশে ধারাবাহিক নজরদারি চালাতে সক্ষম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারিক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
দিগন্তরার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি চীনের রকেট ও উৎক্ষেপণকেন্দ্র ব্যবহার করে পাঠানো হয়। এগুলো হলো পিআরএসসি-ইও১, পিআরএসএস-২, এইচএস-১, পিআরএসসি-ইও২ ও পিআরএসসি-ইও৩।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্যাটেলাইটগুলো চীনের বিদ্যমান নেটওয়ার্কের পরিপূরক হিসেবে কাজ করছে। সম্মিলিতভাবে এসব স্যাটেলাইটের মাধ্যমে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্ত স্থাপনা, বিমানঘাঁটি ও নৌ-সুবিধার ওপর আরও ধারাবাহিক নজরদারি সম্ভব।

এ ধরনের ব্যবস্থাকে বলা হয় আইএসটিএআর। স্যাটেলাইট, ড্রোন, উড়োজাহাজ, রাডার ও গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করে প্রতিপক্ষের কার্যক্রম ও সক্ষমতার বিস্তারিত চিত্র তৈরি করে এ ব্যবস্থা।

চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট সক্ষমতা

প্রতিবেদন অনুযায়ী, চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম শুরু হয় আরও আগে। ২০১৮ সাল থেকে পিআরএসএস-১, পাক টিইএস ১এ, পাকস্যাট এমএম১সহ বিভিন্ন স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে। এসব স্যাটেলাইটের কক্ষপথ এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে একটি স্যাটেলাইট কোনও এলাকা থেকে সরে গেলে অন্যটি সেখানে নজরদারি চালাতে পারে।

২০১৮ সালে উৎক্ষেপিত পিআরএসএস-১ পৃথিবীর বিভিন্ন স্থানের ছবি সংগ্রহ করতে পারে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর তথ্য অনুযায়ী, স্যাটেলাইটটি চার দিন পরপর পৃথিবীর যেকোনও স্থান পর্যবেক্ষণ করতে সক্ষম। এর মাধ্যমে ভূমির ব্যবহার, জলাশয় ও অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্য শনাক্ত করা যায়।

সুদের হার বাড়িয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো দক্ষিণ কোরিয়াসুদের হার বাড়িয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো দক্ষিণ কোরিয়া
২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট এমএম১ যোগাযোগ স্যাটেলাইট। চীনের সহায়তায় তৈরি এটি পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য নকশা করা হয়েছে।

২০২২ সালে পাকিস্তানের সুপারকো ও চীনের গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করে। এর আওতায় চীনের রকেট ও প্রযুক্তিগত সহায়তা ব্যবহারের সুযোগ পায় পাকিস্তান।

ভূমিভিত্তিক নজরদারিতেও পাকিস্তান

দিগন্তরার প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেইজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম (এপিওএসওএস) প্রকল্পে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। এ প্রকল্পে ভূমিভিত্তিক অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে মহাকাশের বস্তু ও স্যাটেলাইট পর্যবেক্ষণ করা হয়। এতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দামবিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
প্রকল্পটির প্রথম তিনটি পর্যবেক্ষণকেন্দ্রের একটি পাকিস্তানে। অন্য দুটি পেরু ও ইরানে। এসব কেন্দ্রের তথ্য চীনের বেইজিংয়ে একটি কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়। পাকিস্তান একটি কেন্দ্রের আয়োজক হওয়ায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্যাটেলাইট পর্যবেক্ষণের তথ্য পাওয়ার ভৌগোলিক সুবিধা পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মহাকাশ সক্ষমতা বাড়াতে চীনের অগ্রগতির সঙ্গে পাল্লা দিতে ভারতকেও এ ক্ষেত্রে নিজেদের সক্ষমতা ও উপস্থিতি বাড়াতে হবে।

সূত্র: দ্য প্রিন্ট

Ads small one

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ সহচর তসলিম চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) ডিএম‌পি‌র ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন ব্য়ি‌য়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্তের ফল প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন দেশের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। মঙ্গলবার স্থানীয় সময় বিকালেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) দেশভেদে আলাদা শুল্কহার প্রস্তাব করতে পারে। নতুন শুল্ক আগেই আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম বলে একটি সূত্র জানিয়েছে।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে এ তদন্ত শুরু করে ইউএসটিআর। তদন্তে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন
তবে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ শুল্কহার বজায় রাখার কথা বিবেচনা করছে হোয়াইট হাউস। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে।

চীনের পণ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে রাখার বিষয়টিও বহাল থাকতে পারে। তবে ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি বাড়ানো না হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য প্রস্তাবিত শুল্কহার আরও বাড়তে পারে।

সাবেক মার্কিন বাণিজ্য দফতরের কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের প্রতিবেদনে ১৬ বাণিজ্য অংশীদারের জন্য পৃথক শুল্ক প্রস্তাব থাকতে পারে। তার মতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দায়ে অভিযুক্ত দেশগুলোর বিভিন্ন খাতের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে প্রশাসন। এসব শুল্ক আগের আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হবে।

তবে উৎপাদন সক্ষমতা কমাতে দেশগুলো পদক্ষেপ না নিলে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্তসহ তুলনামূলক কম হারও প্রস্তাব করা হতে পারে বলে জানান তিনি।

গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে এ তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগের দুর্বলতা নিয়েও পৃথক তদন্ত শুরু হয়। এ দুই তদন্তের মাধ্যমে সুপ্রিম কোর্টের বাতিল করা ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্য রয়েছে প্রশাসনের।

মোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউমোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
যুক্তরাষ্ট্রের অভিযোগ, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে চীন ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌরবিদ্যুৎসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ করছে। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রফতানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা বিনিয়োগের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশে পণ্য উৎপাদন করে আগের মার্কিন শুল্ক এড়িয়ে দেশটির বাজারে প্রবেশ করছে চীনা প্রতিষ্ঠানগুলো।

এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপ করা কিছু শুল্ক বাতিল করে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেন।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হয়েও পর্যটনে পিছিয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হয়েও পর্যটনে পিছিয়ে বাংলাদেশ

আমার ক্লাসে একদিন এক শিক্ষার্থী প্রশ্ন করল, “স্যার, আমাদের তো সবই আছে, তবু বিদেশি পর্যটক আসেন না কেন?” প্রশ্নটি সরল হলেও উত্তর সহজ নয়। পর্যটন নিয়ে পড়ি, পর্যটন পড়াই। তবু সেদিন নিজের কাছেই থমকে গেলাম। শ্রেণিকক্ষের তত্ত্ব আর দেশের বাস্তবতার মধ্যে যে ব্যবধান, তা যেন নতুন করে উপলব্ধি করলাম।

সেই ব্যবধানের একটি বড় প্রকাশ পরিসংখ্যানে। ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি পর্যটক এসেছেন প্রায় ৫ লাখ ৮৫ হাজার। একই সময়ে শ্রীলঙ্কায় গেছেন ২৩ লাখ ৬০ হাজার, মালদ্বীপে ২২ লাখ ৫০ হাজার এবং নেপালে ১১ লাখ ৬০ হাজার পর্যটক। অথচ প্রকৃতি আমাদের দিয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ বন, কক্সবাজারের সমুদ্রসৈকত, বান্দরবানের পাহাড়, শ্রীমঙ্গলের চা-বাগান, দিনাজপুরের কান্তজির মন্দির ও বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের মতো অসংখ্য আকর্ষণীয় স্থান। অর্থাৎ পর্যটনের সম্পদের অভাব নেই, অভাব সেগুলোকে যথাযথভাবে উপস্থাপন ও ব্যবস্থাপনার।

শুধু পিছিয়ে থাকাই নয়, পর্যটক আগমনের ধারাও উদ্বেগজনক। ২০২৩ সালে বাংলাদেশে বিদেশি পর্যটক এসেছিলেন প্রায় ৬ লাখ ৫৫ হাজার, ২০২৪ সালে ৬ লাখ ৩৩ হাজার এবং ২০২৫ সালে ৫ লাখ ৮৫ হাজার। চলতি বছরের প্রথম ছয় মাসে এসেছেন মাত্র ২ লাখ ৩৯ হাজার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৬ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের মধ্যে অবস্থানও সবচেয়ে নিচে।

এই সূচকের একটি বিষয় বিশেষভাবে ভাবনার। প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের বিবেচনায় বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও পর্যটনসেবা ও অবকাঠামোর ক্ষেত্রে পিছিয়ে। অর্থাৎ প্রকৃতি আমাদের যা দিয়েছে, তাতে সম্ভাবনা রয়েছে; কিন্তু সেই সম্ভাবনাকে পর্যটনশিল্পে রূপ দিতে প্রয়োজনীয় উদ্যোগে ঘাটতি রয়েছে। আরেকটি তথ্য হলো, বাংলাদেশে আসা বিদেশিদের মধ্যে আনুমানিক ১৫ শতাংশ আসেন পর্যটনের উদ্দেশ্যে, বাকিরা মূলত কাজ ও ব্যবসায়িক প্রয়োজনে। ফলে নিছক ভ্রমণের আকর্ষণে বিদেশিদের বাংলাদেশে আসার সুযোগ আরও বাড়ানো জরুরি।

কেন বিদেশি পর্যটক বাংলাদেশে আসতে আগ্রহী হচ্ছেন না, তার কয়েকটি কারণ সামনে আসে। প্রথমত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। দ্বিতীয়ত, ভিসা প্রাপ্তির জটিলতা এবং বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা। তৃতীয়ত, পর্যটনসেবা ও অবকাঠামোর দুর্বলতা। অনেক পর্যটনকেন্দ্রে উন্নত যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার, মানসম্মত খাবারের দোকান ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। চতুর্থত, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন আকর্ষণ তুলে ধরার প্রচারণাও পর্যাপ্ত নয়।

এসব সমস্যা সমাধানে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। ই-ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে হবে। বিমানবন্দরে বিদেশি পর্যটকদের জন্য পৃথক কাউন্টার ও দ্রুত ইমিগ্রেশন সেবা নিশ্চিত করা প্রয়োজন। পর্যটনকেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের কার্যকর উপস্থিতি, জরুরি হেল্পলাইন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভ্রমণ সতর্কতা প্রত্যাহারের পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া জরুরি। পর্যটনকেন্দ্রে পরিচ্ছন্ন শৌচাগার, উন্নত সড়ক, বাংলা ও ইংরেজিতে দিকনির্দেশনামূলক সাইনবোর্ড, মানচিত্র ও তথ্যকেন্দ্র গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক পর্যটন মেলা ও ডিজিটাল মাধ্যমে নিয়মিত প্রচারণাও প্রয়োজন। সর্বোপরি দরকার একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

পর্যটন ব্যবসায়ীদেরও দায়িত্ব রয়েছে। পর্যটকদের আস্থা অর্জন এ শিল্পের অন্যতম ভিত্তি। হোটেল, রিসোর্ট ও ভ্রমণ প্যাকেজের মূল্য আগে থেকেই স্পষ্ট করতে হবে। কোনো ধরনের লুকানো খরচ বা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা পরিহার করতে হবে। গাইড ও সংশ্লিষ্ট কর্মীদের ইংরেজি ভাষা, আতিথেয়তা ও পেশাগত দক্ষতার প্রশিক্ষণ দিতে হবে। অনলাইন বুকিং, সঠিক ছবি ও তথ্য প্রকাশ এবং পর্যটকদের মতামতের যথাযথ জবাব দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি পরিবেশ ও স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।

তবে শুধু সরকার ও ব্যবসায়ীদের ওপর দায়িত্ব চাপিয়ে দিলে চলবে না। একজন বিদেশি পর্যটক দেশে এসে শুধু হোটেল বা পর্যটনকেন্দ্র দেখেন না; তিনি দেখেন মানুষের আচরণ, ব্যবসায়ীদের সততা, পরিচ্ছন্নতা এবং আতিথেয়তা। বিদেশি বলে কারও কাছ থেকে অতিরিক্ত মূল্য না নেওয়া, বিপদে পড়লে সহযোগিতা করা, পর্যটনকেন্দ্রে ময়লা না ফেলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের প্রকৃতি, খাবার ও মানুষের আন্তরিকতার গল্প তুলে ধরা—এসব উদ্যোগের জন্য বড় বাজেটের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু দায়িত্ববোধ ও ইতিবাচক মানসিকতা।

আশার কথা, বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ থেকে ২০৪১ মেয়াদের এই পরিকল্পনায় প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থান অন্তর্ভুক্ত হওয়ার কথা। ডিসেম্বরে পরিকল্পনাটি উদ্বোধনের সম্ভাবনা এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরুর লক্ষ্য রয়েছে। তবে যেকোনো পরিকল্পনার সাফল্য নির্ভর করে তার কার্যকর বাস্তবায়নের ওপর। অতীতে অনেক পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়নের অভাবে প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। এবার যেন সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি না ঘটে।

আমি একজন পর্যটন শিক্ষক। আমার শিক্ষার্থীরা ভবিষ্যতে এই শিল্পের কর্মী, উদ্যোক্তা ও নীতিনির্ধারক হবে। আমি চাই, তারা এমন একটি বাংলাদেশে কাজ করুক, যেখানে একজন বিদেশি পর্যটক ফিরে যাওয়ার আগেই বলে উঠবেন, ‘আবার আসব।’ সেই পরিবেশ তৈরির দায়িত্ব সরকার, পর্যটন ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবার।

আমাদের দরজা খোলা আছে। এখন প্রয়োজন সেই দরজার সামনে একটি পরিচ্ছন্ন পথ, নিরাপদ পরিবেশ, আন্তরিক আতিথেয়তা এবং স্বচ্ছ মূল্যতালিকা। তাহলেই বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের পর্যটকদের আকর্ষণীয় গন্তব্য। অতিথি আসবেন, ঘুরে দেখবেন এবং আবারও ফিরে আসতে চাইবেন।

লেখক: মো. মামুন হাসান, বিভাগীয় প্রধান, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।