মণিরামপুরে বিশেষ অভিযানে ৫ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
মণিরামপুর (যশোর) সংবাদদাতা: যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঝাঁপা ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর (৫৮), সাবেক ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান রনি (২৬), শ্যামকুড় ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম (৬৫), কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান (৪২) এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল কবির পলাশ (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঝাঁপা, শ্যামকুড়, কুলটিয়া ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানান, নাশকতা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।











