মণিরামপুরে ১১-দলীয় জোটের গণমিছিল
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে যশোরের মণিরামপুরে গণমিছিল করেছে ১১দলীয় জোট। দেশব্যাপী ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার (৪ জুলাই) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল পাঁচটায় পৌর শহরের গরু হাট মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে গিয়ে উপজেলা চত্বরে শেষ হয়। মিছিলে ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনজীবী গাজী এনামুল হক এমপি। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। তিনি ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা এবি আহাদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল করিমসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।






