শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মায়ের সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-বোনকে গাছে বেঁধে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
মায়ের সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-বোনকে গাছে বেঁধে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে

পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): খুলনার পাইকগাছায় মায়ের নামে থাকা জমি লিখে নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ বাবা ও বোনকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। একই সঙ্গে বৃদ্ধা মায়ের হাত-পা বেঁধে তাঁকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় বড় ছেলে ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের এক মেয়ে।

শনিবার সকালে পাইকগাছা থানায় উভয় পক্ষের উপস্থিতিতে অভিযোগের বিষয়ে শুনানি হয়। এ সময় বৃদ্ধ বাবা ওমর আলী গাজী ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বড় ছেলে আব্দুর রহমান গাজী। তাঁর দাবি, মাকে নিজের কাছে রাখার জন্য তিনি নিয়ে এসেছেন। পাশাপাশি ছোট ভাই বাবার কাছ থেকে জমি পেয়েছেন, তাই তিনিও জমি চান।
পরিবারের সদস্যদের অভিযোগ ও থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাটকেলপোতা গ্রামের বাসিন্দা ওমর আলী গাজীর (৮০) দুই ছেলে ও চার মেয়ে। ছোট ছেলে জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। বড় ছেলে আব্দুর রহমান গাজী পরিবার নিয়ে পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। বৃদ্ধ ওমর আলী ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬৫) ছোট ছেলের সংসারে থাকেন।

অভিযোগ অনুযায়ী, প্রায় আট মাস আগে ওমর আলী গাজী তাঁর মালিকানাধীন এক বিঘা জমি ছোট ছেলের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যে মায়ের নামে থাকা আরও তিন বিঘা জমি লিখে নেওয়ার বিষয়টি নিয়ে বিরোধ জটিল আকার ধারণ করে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২ নভেম্বর সকাল ৮টার দিকে আব্দুর রহমান গাজী তাঁর দুই ছেলে রাকিবুল্লাহ গাজী ও রিয়াজুল্লাহ গাজী এবং স্ত্রীকে নিয়ে পাটকেলপোতা গ্রামের বাড়িতে যান। সেখানে তাঁরা বৃদ্ধ বাবা ও বড় বোন ইরানী বেগমকে মারধর করে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বৃদ্ধা মা রাবেয়া বেগমের হাত-পা বেঁধে তাঁকে জোর করে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

অভিযোগকারীদের দাবি, ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তাঁকে পাইকগাছা পৌর এলাকায় অভিযুক্ত ছেলের বাড়িতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।
ঘটনার দিনই মেয়ে ইরানী বেগম বাদী হয়ে তাঁর ভাই আব্দুর রহমান গাজী ও দুই ভাইপোর বিরুদ্ধে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেন।

শনিবার থানায় শুনানির সময় ওমর আলী গাজী অভিযোগ করেন, মায়ের জমি লিখে নেওয়ার জন্য তাঁর ওপর নির্যাতন করা হয়েছে এবং তাঁর স্ত্রীকে হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে আব্দুর রহমান গাজী মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, বাবা ছোট ছেলেকে এক বিঘা জমি লিখে দিয়েছেন, তিনিও জমি চান। মাকে নিজের কাছে রাখার জন্য তিনি নিয়ে এসেছেন।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কার সিদ্দিক বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। তবে অনেকে তাঁকে ফোনে বিষয়টি জানিয়েছেন। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।

পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। তবে বৃদ্ধা মাকে থানায় আনা হয়নি, তাই তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। উভয় পক্ষ বুধবার পর্যন্ত সময় নিয়েছে। এর মধ্যে নিজেরা বিষয়টি মীমাংসা করবে বলে জানিয়েছে।

Ads small one

পাটকেলঘাটায় জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় পাটকেলঘাটায় জামায়াতের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবদুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইনজীবী অ্যাডভোকেট বাশারাতুল্লাহ আরঙ্গি বাবলা। শ্রমজীবী শিবিরের নেতা মাস্টার আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ধানদিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, নগরঘাটা ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আমিন মাওলানা মেহেদী হাসান, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি নির্বাচনে প্রার্থী হাফেজ শাহ আলম এবং মাওলানা রেজাউল করিম।

ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে পেটালেন অভিভাবক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে পেটালেন অভিভাবক

‎নিজস্ব প্রতিনিধি: ‎সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়েরের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ৭ নভেম্বর (শনিবার) সকালে স্কুলে প্রাইভেট পড়ানোর সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। নিপীড়নের শিকার শিক্ষার্থীর বরাতে সূত্র জানায়, স্কুলের টয়লেটের দরজা বন্ধ করে ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। এতে ওই শিক্ষার্থী আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে তার পিতাকে বিষয়টি জানায়। ‎এরপর ওই শিক্ষার্থীর অভিভাবক ক্ষুব্ধ হয়ে শিক্ষককে বেধড়ক মারধর করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
‎ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবুল খায়ের মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় আরও একাধিক অভিযোগ আছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
‎এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুর রহমান মুকুল জানান, এঘটনায় এখনো কেউ কিছু আমাকে জানায়নি। তবে অভিযোগ পেলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
‎বিষয়টি জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদদাতা: সাতক্ষীরার আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন। সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলিম। বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আবু সাঈদ বিশ্বাস ও প্রভাষক রেজাউল করিম। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ এবং বিশেষ দোয়া করা হয়।