আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী সড়কের বিভিন্ন অংশে ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কটি সংস্কারের সিদ্ধান্ত হলেও এখনো কাজ শুরু হয়নি।
গুরুত্বপূর্ণ এ সড়কটির অসংখ্য স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পিচ উঠে গেছে। এতে প্রতিদিন হাজার হাজার পথচারী দুর্ভোগের শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাধ্য হয়ে যানবাহনগুলো গ্রামের ভেতরের ছোট পথ ব্যবহার করছে, সেখানেও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এছাড়া কৃষিপণ্য ও মালামাল পরিবহনে বাড়তি খরচ ও সময় লাগছে।
স্থানীয় পথচারী ও গাড়িচালকেরা জানান, রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে, যা যাতায়াত খরচ ও সময় দুটোই বাড়িয়ে দিয়েছে। জরাজীর্ণ অবস্থার জন্য স্থানীয় প্রতিনিধি ও কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। তাঁরা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার জানান, গাজীরমাঠ বাজার পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার অংশের মাপজোর করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বাজেট অনুমোদিত হলেই কাজ শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, মহিষকুড় ও বাঁশতলা রাস্তার কাজ শেষ হয়েছে। আশাশুনি সদরের সোনালী ব্যাংকের সামনের সড়ক সংস্কারের কাজ শেষ হলেই বুধহাটা-পাইথালী সড়কের কাজ শুরু করা হবে।