সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেইলের সুরক্ষায় জি-মেইলে নতুন ফিচার আনলো গুগল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
মেইলের সুরক্ষায় জি-মেইলে নতুন ফিচার আনলো গুগল

ই-মেইল নিরাপত্তা আরো শক্তিশালী করতে নতুন আপডেট এনেছে গুগল। এই আপডেটের মাধ্যমে জি-মেইলে যুক্ত হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা, যা এখন সরাসরি অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসেও ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা মোবাইল থেকেই নিরাপদভাবে ই-মেইল পাঠানো, পড়া এবং পরিচালনা করতে পারবেন যেখানে আগে ডেস্কটপ বা আলাদা টুলের ওপর নির্ভর করতে হতো।
এই নতুন ফিচারটি মূলত ক্লাইন্ট-সাইড এনক্রিপশন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ, ই-মেইল পাঠানোর আগেই ব্যবহারকারীর ডিভাইসেই সেটি এনক্রিপ্ট হয়ে যায়। ব্যবহারকারী যখন মেইল পাঠাবেন, তখন শুধু লক আইকনে ক্লিক করে অতিরিক্ত এনক্রিপশন অপশন চালু করলেই বার্তাটি সুরক্ষিতভাবে পাঠানো সম্ভব।

প্রাপক যদি জি-মেইল ব্যবহারকারী হন, তাহলে তিনি মেইলটি স্বাভাবিক কথোপকথনের মতোই দেখতে পাবেন। আর যদি অন্য কোনো ই-মেইল সার্ভিস ব্যবহার করেন, তাহলে একটি সুরক্ষিত ওয়েব ইন্টারফেসের মাধ্যমে সেই মেইল অ্যাক্সেস করতে পারবেন এবং জবাবও দিতে পারবেন।

তবে এই সুবিধা আপাতত সবার জন্য উন্মুক্ত নয়। এটি বর্তমানে গুগল ওয়ার্কস্পেসের এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। অ্যাডমিনদের আলাদা করে সেটিংস থেকে এটি চালু করতে হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই প্ল্যাটফর্মেই ধাপে ধাপে এই ফিচার পৌঁছে দেওয়া হচ্ছে।

বিশেষ করে যেসব প্রতিষ্ঠান সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করে, তাদের জন্য এই আপডেট বেশ গুরুত্বপূর্ণ। এটি ডাটা সুরক্ষা, গোপনীয়তা এবং নিয়ম মেনে চলার ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। সব মিলিয়ে, এই নতুন সুবিধার ফলে মোবাইল ব্যবহারকারীদের জন্য নিরাপদ ই-মেইল আদান-প্রদান এখন আরও সহজ এবং নির্ভরযোগ্য হয়ে উঠেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Ads small one

৪৪ ঘণ্টার বাড়তি সময়েও ব্যর্থ কপ৩১, হলো না চুক্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
৪৪ ঘণ্টার বাড়তি সময়েও ব্যর্থ কপ৩১, হলো না চুক্তি

জীবাশ্ম জ্বালানির উল্লেখ বাদ দেওয়া চুক্তিতে সমর্থন দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্য দেশগুলো রাজি না হওয়ায় ব্যর্থ হয়েছে কপ৩১ জলবায়ু আলোচনা। রবিবার (২২ নভেম্বর) তুরস্কের শহর আন্তালিয়ায় সম্মেলন শেষ হয়েছে বিশৃঙ্খলার মধ্য দিয়ে। সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তির ৪৪ ঘণ্টা পর একাধিক দেশ প্রধান চুক্তি প্রত্যাখ্যান করে।

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম এবং বিশ্বকে অস্থির করে তোলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আলোচনা হয়েছে। সৌদি আরবের মতো দেশ চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখের তীব্র বিরোধিতা করেছে।

ইইউর ঘূর্ণায়মান সভাপতিত্ব থাকা আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ড্যারাহ ও’ব্রায়েন বলেন, আমরা এমন কোনও কিছু সমর্থন করব না, যেখানে জলবায়ু পরিবর্তনের মূল চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই।

প্রত্যাশা আগে থেকেই কম থাকায় আলোচনার নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়া একটি সামগ্রিক প্রস্তাব করেছিল। এতে দেশগুলোর মধ্যে ঐকমত্যের ক্ষেত্রগুলো এবং বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ভবিষ্যৎ দিক তুলে ধরার কথা ছিল। কিন্তু চূড়ান্ত প্রস্তাবে কয়লা, তেল বা গ্যাসের স্পষ্ট উল্লেখ ছিল না। এতে সম্মেলনে অস্থিরতা তৈরি হয় এবং এটি জাতিসংঘের ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলনের রেকর্ড গড়ে। মার্শাল আইল্যান্ডসের জলবায়ু দূত ক্যাথি জেটনিল-কিজিনার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

কপ৩১ সভাপতি মুরাত কুরুম স্বীকার করেন, চুক্তিতে ঐকমত্য হয়নি। সমাপনী অধিবেশনে তিনি বলেন, আমি বুঝতে পারছি, এই প্রস্তাবে কোনও সমঝোতা নেই। সে কারণে এসব সিদ্ধান্ত গৃহীত হয়নি।

চুক্তির সর্বশেষ খসড়ায় ২০২৩ সালের একটি বৈশ্বিক সমঝোতার পরোক্ষ উল্লেখ ছিল, যেখানে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছিল, তবে কয়লা, তেল ও গ্যাসের নাম স্পষ্টভাবে বলা হয়নি। খসড়ায় কার্বন ক্যাপচার প্রযুক্তি সম্প্রসারণের প্রস্তাবও ছিল, যা জীবাশ্ম জ্বালানি শিল্প সমর্থন করে। পরিবেশবাদী গোষ্ঠীগুলোর সমালোচনা, এটি ব্যয়বহুল এবং নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে অকার্যকর।

আরব গোষ্ঠীর পক্ষে সৌদি জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব এই অবস্থানের পক্ষে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব সম্ভাব্য সমাধানে দেশগুলোর প্রবেশাধিকার থাকা দরকার এবং নিজ নিজ জাতীয় পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ বেছে নেওয়ার সুযোগ থাকা উচিত।

সূত্র: উইয়ন নিউজ

বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

যশোর সংবাদদাতা: বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। রোববার দুপুরে সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু ও যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন।

বক্তারা বলেন, ইউরোপ, আমেরিকা, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকেরা মজুরি বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা, আবাসন সংকট নিরসন, শিক্ষা ব্যয় কমানো ও জীবনযাত্রার ব্যয় হ্রাসের দাবিতে আন্দোলন করছেন। যুদ্ধ প্রস্তুতি ও সামরিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধেও বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে।

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে দেশ-বিদেশের শ্রমিক আন্দোলনের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলন জোরদারের আহ্বান জানান তাঁরা।

সম্পাদকীয়/দুবলার চরে রাস উৎসব: ভক্তি ও নিরাপত্তার মেলবন্ধন জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
সম্পাদকীয়/দুবলার চরে রাস উৎসব: ভক্তি ও নিরাপত্তার মেলবন্ধন জরুরি

বৈরী আবহাওয়া অব্যাহত থাকলেও ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূর্ণিমার পুণ্যস্নানকে ঘিরে সুন্দরবনের দুবলার চরে যাত্রা শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা। শতাব্দীপ্রাচীন এই উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি উপকূলীয় সংস্কৃতি ও মানুষের অদম্য ভক্তির এক অনন্য নিদর্শন। তবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার মধ্যে এই বিশাল জনসমাগম নির্বিঘœ করতে সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

প্রতিবছরের মতো এবারও ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী দুবলার চরের আলোরকোলে সমবেত হচ্ছেন। পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ বেশ কিছু সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। পাঁচটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ, রাতে নৌযান চলাচল নিষিদ্ধ করা, প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া বাধ্যতামূলক করা এবং বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ টহল ব্যবস্থা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তবে কেবল প্রশাসনিক প্রস্তুতিই যথেষ্ট নয়, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে পুণ্যার্থী এবং নৌযান চালকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত যাত্রী বোঝাই না করা, আবহাওয়ার পূর্বাভাস মেনে চলা এবং কেবল দিনের ভাটায় নির্ধারিত নৌপথ ব্যবহার করার নির্দেশনাগুলো কঠোরভাবে পালন করতে হবে। সামান্য অসাবধানতা বা অতি-উৎসাহ যেন কোনো বড় দুর্ঘটনার কারণ না হয়, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

পাশাপাশি, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নাজুক প্রতিবেশব্যবস্থা রক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সাল থেকে দুবলার চরে বাণিজ্যিক মেলা বন্ধ রাখা এবং সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সুন্দরবনের বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। এবারও বনের ভেতর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক, আতশবাজি ও শিকারের সরঞ্জাম নিষিদ্ধ করা হয়েছে। পুণ্যার্থীদের উচিত ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এই পরিবেশবান্ধব নীতিমালাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলা, যাতে উৎসবের আনন্দে প্রকৃতির কোনো ক্ষতি না হয়।

আমরা আশা করি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং পুণ্যার্থীদের সচেতনতা ও সহযোগিতায় বৈরী আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে এবারের রাস উৎসব ও পুণ্যস্নান নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধবভাবে সম্পন্ন হবে।