শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
প্রথম সিনেমাতেই শাকিব খানের সঙ্গে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কিন্তু সেই আনন্দে মেঘ জমতে শুরু করেছে। ‘সোলজার’ সিনেমায় কিং খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। গত বছর অক্টোবরে শুটিং শুরু হয়েছিল এ সিনেমার।
সে সময় আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই বছরেরই ডিসেম্বরে সিনেমাটির মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। পরে সেই পরিকল্পনা থেকে সরে এসে মুক্তির দিন ঠিক হয় ২০২৬ সালের ডিসেম্বর।
কিন্তু এর মধ্যে প্রায় বছর শেষের পথে। তবু শেষ হয়নি এখনও সিনেমার শুটিং। জানা যায়, সিনেমার অসমাপ্ত কাজ শেষ করতে ৯-১০ দিনের শুটিং শিডিউল দরকার, তা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা।
এদিকে শিগগিরই ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নামে দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। এর মাঝে ‘সোলজার’-এর জন্য আলাদা শিডিউল তৈরি করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যে কারণে কেউ স্পষ্ট করে বলতে পারছেন না তানজিন তিশার অভিষেক সিনেমাটি কবে মুক্তি পাবে।
সম্প্রতি শাকিব খানের ম্যানেজার মনির জামান বলেন, ‘গত কয়েক বছরে শাকিব খানের কোনও ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামসে দুই-তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তারা পারেননি।’












