শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
বাগআঁচড়া (শার্শা) সংবাদদাতা: কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চারতলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার জামাল উদ্দীন ও সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়ায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।






