শিক্ষা ও সমাজ উন্নয়নে খান বাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ভূমিকা
মনিরুজ্জামান মুন্না
বাংলার নবজাগরণ ও শিক্ষা বিস্তারের ইতিহাসে খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) (১৮৭৩–১৯৬৫) এক অবিস্মরণীয় নাম। তিনি একাধারে প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সাহিত্যিক ও সুফি সাধক। ‘স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা’—এই মহান ব্রতকে সামনে রেখে তিনি যেমন নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন, তেমনি শিক্ষা, সাহিত্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছেন।
প্রযুক্তির উন্নতি ও তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে যোগাযোগব্যবস্থা এখন মানুষের হাতের নাগালে। বিশ্বায়নের বর্তমান পর্যায়ে জগদ্ব্যাপী সংযোগ ও মিথস্ক্রিয়ার কারণে কোনো গুরুত্বপূর্ণ ধারণা, দর্শন বা চিন্তাধারা একটি বিশেষ দেশের হলেও তা দ্রুত সারা বিশ্বের মানুষের অভিজ্ঞতার অংশ হয়ে উঠছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং পশ্চিমা বিশ্বের প্রভাবে প্রায় দুই শতাব্দী ধরে ভারতীয় উপমহাদেশের মানুষের চিন্তা-চেতনা, বিশ্বাস ও জীবনবোধে নানা পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গলের উত্থান, হিন্দু কলেজ, বেথুন সাহেবের ক্যালকাটা ফিমেল স্কুল এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন সমাজে জীবনবোধ, যুক্তিবাদী চিন্তা ও আধুনিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে।
অন্যদিকে, ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে গ্রামবাংলায়, বিশেষত হিন্দু জমিদার শ্রেণির অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে গ্রামীণ শিক্ষাব্যবস্থায় প্রচলিত টোল ও মাদ্রাসার পাশাপাশি পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানভিত্তিক নতুন শিক্ষাধারার প্রসার ঘটতে থাকে। সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের এই ধারাবাহিকতায় উনিশ ও বিশ শতকে এ অঞ্চলে গড়ে ওঠে বহু স্কুল-কলেজ। এই নবজাগরণ ও সংস্কার আন্দোলনের ধারায় খান বাহাদুর আহ্ছানউল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আত্মগঠন ও আদর্শিক জীবনদর্শনের মাধ্যমে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খান বাহাদুর আহ্ছানউল্লার জীবন ছিল এক অনন্য দৃষ্টান্ত। উচ্চশিক্ষা ও মেধার বিকাশে তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। ১৮৭৩ সালের ২৭ ডিসেম্বর সাতক্ষীরা জেলার নলতা গ্রামে জন্মগ্রহণকারী এই মনীষী ১৮৯৫ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে এমএ ডিগ্রি লাভ করেন। অসামান্য মেধা ও যোগ্যতার বলে তিনি অবিভক্ত বাংলার হিন্দু-মুসলমানদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসে যোগদান করেন।
আধ্যাত্মিকতা ও নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে সরকারি উচ্চপদে অধিষ্ঠিত থেকেও তিনি বিলাসিতা পরিহার করেন। কঠোর নৈতিকতা ও সুফি সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনে সচেষ্ট ছিলেন। সততা, সময়ানুবর্তিতা এবং অসাম্প্রদায়িক মানবপ্রেম ছিল তাঁর জীবনদর্শনের মূল ভিত্তি। পাশাপাশি সাহিত্যচর্চা ও মননশীলতার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে এবং সমাজকে আলোকিত করতে তিনি প্রায় শতাধিক গ্রন্থ রচনা করেন। তাঁর ‘ভক্তের পত্র’, ‘আমার জীবনধারা’ ও ‘ইসলামের ইতিবৃত্ত’ প্রভৃতি গ্রন্থ মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
খান বাহাদুর আহ্ছানউল্লা অনুধাবন করেছিলেন, ধর্মীয় শিক্ষার আধুনিক সংস্কার, শাসনব্যবস্থার শোষণমূলক কাঠামোর পরিবর্তন এবং মানবিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রে মৌলিক সামাজিক পরিবর্তন আনতে না পারলে প্রকৃত নবজাগরণ সম্ভব নয়। এ ক্ষেত্রে পিছিয়ে থাকলে বাঙালি মুসলমানরা পাশ্চাত্য শিক্ষার মূলধারা থেকে আরও দূরে সরে যাবে। ১৭৮০ সালে মুসলমানদের শিক্ষার প্রসারে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুসলিম সমাজে ইসলামী ও আধুনিক শিক্ষার দ্বার কিছুটা হলেও উন্মুক্ত হয়। যদিও দীর্ঘদিন প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে ব্রিটিশ পাদ্রিরা দায়িত্ব পালন করেন। এর প্রভাবে ভারতীয় উপমহাদেশে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাঙালি মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হতে থাকে। এভাবেই জাগরণের একটি ক্ষীণ ধারা গড়ে ওঠে।
ব্রিটিশ শাসনামলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব ও পশ্চিম বাংলা ছিল কলকাতাকেন্দ্রিক প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থার প্রান্তিক অঞ্চল। অর্থনৈতিক অনগ্রসরতা ও শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকার পাশাপাশি বাঙালি মুসলমান সমাজ নানা ধর্মীয় মত ও তরিকার বিভাজন, অনর্থক বিতর্ক ও বিরোধে বিভক্ত হয়ে পড়ে। আধুনিক শিক্ষাগ্রহণে অনীহা, রাজনৈতিক চেতনার অভাব, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যর্থতা, অজ্ঞতা, কুসংস্কার, মুসলিম জমিদার শ্রেণির ভোগবিলাসিতা ও অমিতব্যয়িতা, অন্য সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্কের অভাব, ধর্মীয় গোঁড়ামি, গতানুগতিক মাদ্রাসা শিক্ষা এবং মাতৃভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চা থেকে দূরে থাকার মতো নানা কারণে মুসলিম সমাজে অবনতি ও অধঃপতন দেখা দেয়।
ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীন হওয়ার পর মুসলিম সমাজে ব্যাপক পরিবর্তন ঘটে। উপনিবেশিক শাসনব্যবস্থার অধীনে পেশাগত দায়িত্ব পালন করলেও খান বাহাদুর আহ্ছানউল্লা ব্রিটিশ শাসকদের প্রতি অন্ধ আনুগত্য পোষণ করেননি। সাম্য, সম্প্রীতি, মর্যাদা ও অধিকারের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। উপনিবেশিক শাসকদের কল্যাণকর উদ্যোগে সহযোগিতা করলেও ক্ষতিকর কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন। তাঁদের পরিকল্পিত কার্যক্রমের ক্ষেত্রে বাঙালির ন্যায়-অন্যায়, ন্যায্য-অন্যায্য এবং কল্যাণ-অকল্যাণের বিষয়গুলো বিবেচনায় নিয়ে তিনি নিজের অবস্থান নির্ধারণ করতেন।
উনিশ শতকের শেষ দিকে এ দেশের সচেতন মুসলমানদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি ও চিন্তাচেতনার বিকাশ ঘটে। তাঁরা নিজেদের সমাজের অধঃপতনের কারণ ও উত্তরণের উপায় নিয়ে ভাবতে শুরু করেন। তাঁদের এসব চিন্তাভাবনা মুসলিম সম্পাদিত বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে প্রকাশিত হতে থাকে। তৎকালীন মুসলিম সমাজের চিন্তাবিদদের মধ্যে মতপার্থক্য থাকলেও তাঁদের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিনের স্থবিরতা ও চিন্তার অনগ্রসরতা কাটিয়ে মুসলিম সমাজকে জাগিয়ে তোলা।
বাঙালি মুসলমানদের জাগরণ প্রচেষ্টার সময় সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে নানা প্রশ্ন সামনে আসে। এর মধ্যে জাতিসত্তার প্রশ্নটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অভিনয়, সংগীত ও চিত্রকলার মতো বিষয়ও যুক্ত হয়। খান বাহাদুর আহ্ছানউল্লা উপলব্ধি করেছিলেন, একজন মানুষকে পরিপূর্ণ মানবিক, আত্মিক ও মনুষ্যত্বসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অনুকূল পরিবেশ ও সামাজিক চেতনা সৃষ্টি করা প্রয়োজন। তাঁর চিন্তা ও কর্ম সেই পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাষ্ট্রীয় ও সামাজিক উন্নয়নে খান বাহাদুর আহ্ছানউল্লার কর্মময় জীবন কেবল ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ ছিল না; বরং তা সামগ্রিক রাষ্ট্র ও সমাজের কল্যাণে নিবেদিত ছিল। পরীক্ষা পদ্ধতিতে বৈপ্লবিক সংস্কার আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখা থাকত। ফলে মূল্যায়নের ক্ষেত্রে সাম্প্রদায়িক বা ব্যক্তিগত পক্ষপাতিত্বের সুযোগ তৈরি হতো। নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করতে তিনি পরীক্ষার খাতায় নামের পরিবর্তে রোল নম্বর ব্যবহারের পদ্ধতি চালু করেন। অনার্স ও এমএ পরীক্ষায় শুরু হওয়া এই পদ্ধতি পরবর্তী সময়ে ব্যাপকভাবে প্রচলিত হয়।
উচ্চশিক্ষার প্রসার ও সুযোগ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পূর্ববঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা, প্রশাসনিক কাঠামো প্রণয়ন ও জনমত গঠনে তিনি ভূমিকা পালন করেন।
শিক্ষাবিষয়ক ও শিক্ষা সহায়ক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস নির্মাণেও তিনি উৎসাহী ছিলেন। শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে স্কুল, মাদ্রাসা ও ছাত্রাবাস প্রতিষ্ঠায় উদ্যোগী ভূমিকা রাখেন। কলকাতায় ইসলামিয়া কলেজ ও ফুলার হোস্টেল প্রতিষ্ঠাতেও তাঁর প্রত্যক্ষ অবদান ছিল।
মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি উপলব্ধি করেছিলেন, মাতৃভাষার উন্নতি ছাড়া কোনো জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই পাঠ্যপুস্তকে বাংলা ভাষার প্রচলন এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।
মানবসেবা ও সমাজকল্যাণে ব্যতিক্রমী ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন খান বাহাদুর আহ্ছানউল্লা। এ লক্ষ্যেই তিনি আহ্ছানিয়া মিশনসহ বিভিন্ন মানবসেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর ১৯৩৫ সালে নিজ জন্মভূমি নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এবং ১৯৫৮ সালে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, মাদকবিরোধী আন্দোলন ও দারিদ্র্য বিমোচনে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কৃষিপ্রধান বাংলার কৃষি উন্নয়ন ও জনকল্যাণেও তিনি বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
বাঙালি সমাজ, বিশেষত মুসলিম সমাজের অজ্ঞতা, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে এবং ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের পক্ষে খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) সোচ্চার ছিলেন। ঔপনিবেশিক শাসন ও সাংস্কৃতিক আধিপত্যের নেতিবাচক প্রভাব মোকাবিলায়ও তিনি সচেষ্ট ছিলেন। তিনি ছিলেন জনমানুষের কল্যাণে নিবেদিত একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও আধ্যাত্মিক মনীষী। রাষ্ট্রীয় উন্নয়ন, জীবনবোধ, শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি এবং মুসলিম সমাজের জাগরণে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।
বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি শিক্ষার প্রসার, সংস্কৃতি, সমাজ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা—বিভিন্ন ক্ষেত্রে তাঁর চিন্তা ও কর্মের ব্যাপ্তি ছিল বহুমাত্রিক। সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় তাঁর ভূমিকার যথাযথ মূল্যায়ন প্রয়োজন। তিনি কেবল একজন ধর্মীয় ও আধ্যাত্মিক সাধক ছিলেন না; বাঙালির জীবনবোধ, মর্যাদা ও শিক্ষাগত অগ্রগতির ইতিহাসেও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন সমাজের ক্রমবিবর্তন ও উন্নয়নের ধারায় এক গুরুত্বপূর্ণ রূপকার।
শিক্ষা ও সমাজ সংস্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার ১৯১১ সালে তাঁকে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। একই বছর তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৬০ সালে তাঁকে বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান করা হয়। এ ছাড়া তাঁর কর্ম ও অবদানের স্বীকৃতি হিসেবে দেশ-বিদেশ থেকে আরও বিভিন্ন সম্মাননা ও স্বীকৃতি লাভ করেন। মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি, প্রগতিশীলতা ও উদার মানবিক মূল্যবোধের ধারক হিসেবে তিনি দেশজুড়ে বরেণ্য ও শ্রদ্ধেয় মনীষীর মর্যাদা অর্জন করেন।
আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর কর্ম ও আদর্শের দৃষ্টান্ত রয়ে গেছে। খান বাহাদুর আহ্ছানউল্লা তাঁর জীবন ও কর্মের মাধ্যমে প্রমাণ করে গেছেন, যথাযথ আত্মগঠন এবং নিঃস্বার্থ দেশপ্রেম থাকলে একজন মানুষ কীভাবে একটি সমাজ ও রাষ্ট্রের গতিপথ পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন। তাঁর শিক্ষাদর্শন ও মানবকল্যাণমূলক আদর্শ আধুনিক বাংলাদেশ গঠনে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলা, বাঙালি, মুসলমান ও উদার ধর্মতাত্ত্বিক চর্চার ধারা যত দিন জাগ্রত থাকবে, তত দিন তাঁর অবদান আগামী প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাঁর জীবন ও অবদানসমূহ কবুল করুন। আমিন।
লেখক: সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সিকান্দার একাডেমি।








