শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকান্ডের বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে “সাতক্ষীরার সকল সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ইয়ুথ এডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহসভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি সাতক্ষীরার সাবেক সহসভাপতি মিলন বিশ্বাস, একশনএইড বাংলাদেশের ইন্সেপিরেটর প্রিয়াংকা সেন মৌ, ছাত্র নেতা আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, সাতক্ষীরা ইয়ুথ ইউথ অ্যালায়েন্স সাতক্ষীরার সভাপতি মুশফিকুর রহমান, ইয়ুথ হাবের উপদেষ্টা সাকিব হোসেন, আমরা বন্ধুর সদস্য সাকিবুল হাসান, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উম্মে ফোয়ারা, প্রান্তিক যুব সংঘের সম্্রাট হোসেন, সিডো প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার সহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর ঘটে যাওয়া নির্মমতা পুরো সমাজকে নাড়া দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশু নির্যাতন ও নারী সহিংসতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।









