শীতের শুরুতে অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় ভোগান্তি, ফসলের ক্ষতির শঙ্কা
আসাদুজ্জামান সরদার: শীতের আমেজ শুরু হতে না হতেই অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাতক্ষীরার মানুষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যান ও রিকশাচালক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অন্যদিকে পাকা আমন ধান ও সরিষার আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।
সকাল থেকে বৃষ্টি হওয়ায় শ্রমজীবী মানুষের আয়-রোজগার কমে গেছে। রাস্তায় যাত্রী কম থাকায় ভ্যান ও রিকশাচালকদের অলস সময় কাটাতে হচ্ছে। বৃষ্টির কারণে শিক্ষার্থীদের যাতায়াতেও বিঘ্ন ঘটছে।
কলারোয়ার কৃষক গোলাম রসুল বলেন, ধান কাটার প্রস্তুতির মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। জমিতে পানি জমলে পাকা ধান ও সরিষার চারার ক্ষতি হতে পারে। বৃষ্টি না থামায় মাঠে নামা যাচ্ছে না।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার বলেন, এক দিনের বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব নয়। বৃষ্টি থামার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতির পরিমাণ জানা যাবে। ঝড় না হলে পাকা আমনের বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। তবে জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে সরিষার চারার ক্ষতি হতে পারে। এ জন্য কৃষকদের নালা কেটে জমি থেকে পানি সরানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটি ঝড়ের প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও এখনই তীব্র শীতের সম্ভাবনা নেই। তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এদিকে বৃষ্টির পর স্যাঁতসেঁতে আবহাওয়া ও তাপমাত্রার ওঠানামায় সর্দি-কাশি, ভাইরাল জ্বরসহ বিভিন্ন মৌসুমি রোগের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকনো কাপড় পরা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।









