জলবায়ু অভিবাসীদের সামাজিক সুরক্ষায় সাতক্ষীরায় সমন্বয় ও পর্যালোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাস্তুচ্যুত মানুষ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি এবং সরকারি সম্পদ ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে তাঁদের প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় সমন্বয় ও যৌথ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা পৌরসভার হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর উদ্যোগে এই বার্ষিক পরিচিতি, রিফ্রেশার্স ও যৌথ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে ক্ষমতায়ন: সহনশীলতা তৈরির জন্য সরকারি সম্পদ, সেবা এবং নীতি প্রভাবে প্রবেশাধিকার বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় পৌরসভা পর্যায়ে সামাজিক সুরক্ষা কর্মসূচির বাস্তবায়ন পরিস্থিতি যাচাই করতে এ আয়োজন করা হয়।
ক্র্যাক কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, পৌরসভার সমাজসেবা কর্মকর্তা জিয়াউর রহমান এবং দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রিপন।
সভায় জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদের মানুষের স্থানীয় পর্যায়ে সেবা প্রাপ্তির পথ সহজ করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের কণ্ঠস্বর তুলে ধরার কৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় সুবিধাভোগীদের পক্ষ থেকে নিজেদের অভিজ্ঞতা ও সংকটের কথা তুলে ধরেন সোনিয়া আক্তার ও মানসুরা আক্তার।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদ সাতক্ষীরায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের জীবনযাত্রা চরম ঝুঁকিতে রয়েছে। এসব মানুষের কাছে বিদ্যমান সরকারি সেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং পৌরসভা পর্যায়ে তা সঠিকভাবে বাস্তবায়ন করা জরুরি। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং ভুক্তভোগীদের যৌথ অংশগ্রহণের মাধ্যমেই জলবায়ু অভিবাসীদের টেকসই সহনশীলতা গড়ে তোলা সম্ভব।









