শ্যামনগরে গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ দেবরের বিরুদ্ধে
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে তাসলিমা খাতুন (৩৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর দেবর আব্দুর রহিমের বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত তাসলিমা খাতুন একই গ্রামের কারিমুল্লাহর স্ত্রী।
কারিমুল্লাহ গাজী জানান, নামাজ আদায় করাকে কেন্দ্র করে তাঁর বড় ছেলে ছোট ছেলে তানভীরকে শাসন করছিল। এ নিয়ে দুই ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আব্দুর রহিম লাঠি দিয়ে বড় ছেলেকে মারধর শুরু করেন। এ সময় স্বামী-সন্তানকে রক্ষা করতে এগিয়ে গেলে আব্দুর রহিম ঘেরের লাঠি দিয়ে তাঁর স্ত্রীকে মারধর করেন।
এতে তাসলিমার নাক ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কারিমুল্লাহ আরও জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে জানানো হয়েছে।












