রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা

পত্রদূত ডেস্ক: ‘সহিংসতামুক্ত সমাজ গড়ি, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করি’Ñএই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) উপজেলার বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পের হরিনগর মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ল্ড রিনিউয়ের অর্থায়নে, ফেইথ ইন অ্যাকশনের এসএটি-আইসিডিপি প্রকল্পের সহযোগিতায় এবং সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও বুড়িগোয়ালিনী সিসিসির উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাজী নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জি. এম. আব্দুর রউফ গাজী, ইউপি সদস্য উমা রানী মল্লিক, সমাজসেবক জি. এম. রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ বাইন, প্রধান শিক্ষক দিলীপ কুমার বাইন, সিপিপি টিম লিডার ফজলু করিম, ঝঅঞ-ওঈউচ প্রকল্পের ব্যবস্থাপক শমুয়েল সাংমা, পিআই সভাপতি সুষমা রানী ম-ল এবং বুড়িগোয়ালিনী সিসিসির উপদেষ্টা মজিদ সরদার। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অমল কৃষ্ণ মাঝি।
শুরুতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহসহ সব ধরনের সহিংসতা ও ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সম্মান, সমতা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে নিরাপদ সমাজ গড়ে তোলার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতামূলক নাটক ‘দুই পৃথিবী’ পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে সামাজিক বৈষম্য, নির্যাতন ও সহিংসতার নেতিবাচক প্রভাব তুলে ধরে সচেতনতার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বুড়িগোয়ালিনী সিসিসির সাধারণ সম্পাদক যোগেশ বাইন। নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Ads small one

শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক-ই ইল্লাহি মুন্নার ভাইপো এস এম সায়েদ সুলতান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জগলুল হায়দার, তাঁর তিন ভাই জহুরুল হায়দার বাবু, কামরুল হায়দার নান্টু ও জাহাঙ্গীর হায়দার এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার জেলেখালী এলাকা থেকে তিন বোতল পেট্রোলসহ স্থানীয়দের হাতে আটক ছাত্রলীগ কর্মী আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বাড়ি যথাক্রমে গোমানতলী ও পানখালী গ্রামে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শনিবার রাতে আল আমিন ও জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলেখালী এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। এ সময় দুজনকে আটক করা হয়।
এদিকে আব্দুর রহমান বাবুর রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির ও পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ কয়েকজন নেতার দাবি, বাবু একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন এবং ২০২৪ সালের জুনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হন।
তাঁদের অভিযোগ, পুরোনো রাজনৈতিক পরিচয় সামনে এনে মামলার দায় থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন বাবু। তবে এ বিষয়ে আব্দুর রহমান বাবুর বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, সায়েদ সুলতান ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেছেন। পেট্রোলসহ আটক আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা আর নেই

পত্রদূত ডেস্ক: প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা (৮৯) আর নেই। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকায় ছোট মেয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় নিজ বাসভবনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সম্পাদকীয়/প্রসঙ্গ: ভবদহের জলাবদ্ধতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: ভবদহের জলাবদ্ধতা

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা কোনো সাময়িক প্রাকৃতিক বিপর্যয় নয়; এটি কয়েক দশকের পুঞ্জীভূত সংকট, যা এখানকার মানুষের জীবন-জীবিকা, কৃষি ও বসতিকে প্রায় অচল করে তুলেছে। সাম্প্রতিক পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বক্তব্যে দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানের যে আশ্বাস দেওয়া হয়েছে, তা ভবদহবাসীর দীর্ঘদিনের বঞ্চনার প্রেক্ষাপটে নিঃসন্দেহে ইতিবাচক। তবে অতীতের নানা প্রকল্প ও আশ্বাসের অভিজ্ঞতায় সাধারণ মানুষ এখন কেবল কথার চেয়ে বাস্তব ও টেকসই পদক্ষেপ দেখতে চান।
স্বল্পমেয়াদি পরিকল্পনায় আগামী এক থেকে দুই বছরের মধ্যে পুরো অঞ্চলকে চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভবদহের উর্বর মাটি দ্রুত কৃষিকাজে ফেরাতে পারলে স্থানীয় অর্থনীতিতে স্বস্তি ফিরবে, এটি বাস্তব। এ জন্য নদী ও খাল খনন এবং স্লুইসগেট ব্যবস্থাপনার যথাযথ সমন্বয় জরুরি। পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮১ কিলোমিটার নদী খননের কাজ শেষ পর্যায়ে থাকার এবং আমডাঙ্গা খাল খনন ও প্রশস্তকরণের অগ্রগতির কথা জানানো হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোয়ারাধার বা টিআরএম চালুর বিষয়টি বিবেচনায় রাখার পাশাপাশি পদ্মা ব্যারাজের মতো বৃহৎ অবকাঠামোর সম্ভাবনার কথাও উঠে এসেছে।
কিন্তু ভবদহ সংকটের মূল জায়গা হলো পলি ব্যবস্থাপনা ও স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ বজায় রাখা। অতীতে নানা সময় খননকাজ হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে অল্প দিনেই নদী ও খাল ভরাট হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আবার টিআরএম বা অন্য কোনো উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের আস্থা, ক্ষতিপূরণ ও বাস্তবসম্মত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ এবং ভুক্তভোগী এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, মাঠপর্যায়ে তার প্রতিফলন থাকা আবশ্যক।
সরেজমিনে ভবদহের পরিস্থিতি পরিদর্শন এবং একাধিক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের যে বার্তা দেওয়া হয়েছে, তা ধরে রাখতে হবে। জলাবদ্ধতা নিরসনে খাতওয়ারি দায়িত্ব বণ্টন, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে তবেই ভবদহবাসীর দুর্ভোগ লাঘব হবে। দ্রুততম সময়ের প্রতিশ্রুতি যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব পরিবর্তনের মাধ্যমে ভবদহের মানুষের স্বাভাবিক জীবন ও কৃষি ফিরিয়ে আনেÑএটাই সবার প্রত্যাশা।