শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ
পত্রদূত ডেস্ক: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) উপজেলার গুমানতলী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। এ সময় ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক ডা. গাউসুল আজম রিজভী, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল আরেফিন লাবিব, মো. মহিদ্দুজামান, মনিষ বিশ্বাস, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রাণিজ আমিষের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত ডিম, দুধ ও মাংস খাওয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ক্ষতিকর কোমল পানীয় ও ফাস্টফুড পরিহারের পরামর্শ দেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে ২০০ মিলিলিটারের এক প্যাকেট ইউএইচটি দুধ ও একটি করে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।









