বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি, সেতুর দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি, সেতুর দাবিতে মানববন্ধন

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মাদার নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় রমজাননগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে সাঁকো সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাম্য চিকিৎসক কিরণ চন্দ্র পরমান্য, রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান, মুনছুর গাইন, রমেশ চন্দ্র মন্ডল, ফজিলা খাতুন, রাবেয়া খাতুন, গহর আলম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আলামিন হোসেন এবং সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাধন মন্ডলসহ অনেকে।

বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, নুরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং কৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে রমজাননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আনারুল হাসানের বাড়ি সংলগ্ন মাদার নদীর ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

তারা জানান, প্রতিদিন এই সাঁকো ব্যবহার করে ১০৪ নম্বর লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা, রমজাননগর তোফাজ্জেল মাধ্যমিক বিদ্যালয়, গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষ যাতায়াত করেন।

এছাড়া রমজাননগরের বদ্দিপাড়ায় সুপেয় পানির সংকট থাকায় স্থানীয় বাসিন্দারা পাশের নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের জেলা পরিষদের সরকারি দিঘি থেকে এই সাঁকো ব্যবহার করে খাবার পানি সংগ্রহ করেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, জরুরি রোগী কিংবা প্রসূতি নারীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই ঝুঁকিপূর্ণ সাঁকো বড় বাধা হয়ে দাঁড়ায়। সাঁকোটির জরাজীর্ণ অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত মাদার নদীর ওপর একটি টেকসই সেতু নির্মাণ করা হলে তিন ইউনিয়নের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যোগাযোগব্যবস্থা সহজ হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মাদার নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান স্থানীয়রা।

 

 

Ads small one

তালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে পর্যালোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
তালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে পর্যালোচনা সভা

তালা প্রতিনিধি: তালায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষতি মোকাবিলা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তালার শাহপুরে বেসরকারি সংস্থা ‘উইমেন জব ক্রিয়েশন সেন্টার’-এর সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়। ‘স্কোপ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী প্রধান আশরাফুননাহার আশা।
জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্ক কমিটির সহসভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি দেবকী রানী, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি তৌফিক ইমরান, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী সরদার, জলবায়ু পরিবর্তন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হাসিনা পারভীন, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, রূপালীর পরিচালক সফিকুল ইসলাম ও নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশান আরা।
সভায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বিরাম কুমার ঘোষ মাল্টিমিডিয়ার মাধ্যমে বিগত দিনের নানা কার্যক্রম তুলে ধরেন। পরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রকল্পের সুবিধাভোগীরা তাঁদের অর্জিত সফলতা ও অভিজ্ঞতা বিনিময় করেন।

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস’ প্রকল্পের আওতায় একসেস বাংলাদেশ ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। সহযোগিতায় ছিল কমনওয়েলথ ফাউন্ডেশন। প্রেসবিজ্ঞপ্তি

সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

পত্রদূত রিপোর্ট: কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীন কাকাডাঙ্গা, মাদরা, তলুইগাছা ও হিজলদী বিওপির টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও পাতার বিড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কাকাডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি এলাকা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।
একই দিন মাদরা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি এলাকা থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে রাজপুর এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এ ছাড়া তলুইগাছা বিওপির সদস্যরা মেইন পিলার ১৩ থেকে ৩০০ গজ ভেতরের চারাবাড়ি এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ আটক করেন।
অন্যদিকে হিজলদী বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি এলাকা থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে কলারোয়ার বড়ালী গ্রাম থেকে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় পাতার বিড়ি জব্দ করে। অভিযানে মোট ৫ লাখ ৬ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।