শ্যামনগরে ‘মিথ্যা মামলার অপচেষ্টার’ প্রতিবাদে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যক্তির বিরুদ্ধে ‘মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অপচেষ্টার’ অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মনসুর সরদারের গ্যারেজ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মাছুরা পারভীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য গাজী আজিজুল ইসলাম, আবাদচ-ীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে গত ৪ জুন পারিবারিক কলহ ও কথা-কাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছফিরন বিবি নামের এক নারী ব্যক্তিগত প্রতিহিংসার জেরে আবু ইছা ও শহিদুল ইসলাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ দিয়েছেন। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে জানতে অভিযোগকারী ছফিরন বিবির স্বামী আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো নির্দোষ ব্যক্তি যাতে এই ঘটনায় জড়িত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।












