শ্রীউলায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শন করলেন সংসদ সদস্য
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী এলাকায় খোলপেটুয়া নদীর ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১২ মে) বিকেল তিনটায় তিনি ওই এলাকায় যান। দীর্ঘ সময় পায়ে হেঁটে তিনি বাঁধের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
হাজরাখালীসহ শ্রীউলা ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে প্রতিবছরই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ জনপদ। ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন এলাকার শত শত মানুষ। বর্তমানে হাজরাখালী এলাকার বাঁধটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেকশন অফিসার (এসও) মো. আ. আলিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড়, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের কাছে ক্ষোভ প্রকাশ করে জানান, মাড়িয়ালা হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কটি সংস্কারের নামে তিন মাস আগে খুঁড়ে রাখা হয়েছে। অথচ বর্তমানে কাজ বন্ধ থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বাঁধের স্থায়িত্ব কমছে বলেও অভিযোগ করেন তাঁরা। পাউবোর এসও আ. আলিম জানান, কাজ বন্ধ রাখায় সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নতুন ঠিকাদারের মাধ্যমে দ্রুত কাজ শুরু করার প্রক্রিয়া চলছে।
পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল বাশার বলেন, “হাজরাখালী বাঁধের বাস্তব চিত্র অত্যন্ত আশঙ্কাজনক। দ্রুত কাজ না হলে বর্ষা মৌসুমে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। আমি টেকসই বাঁধ নির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।” সড়ক মেরামতে গাফিলতির বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, কোনো পথ না রেখে মাসের পর মাস রাস্তা খুঁড়ে রাখা চরম হতাশাজনক। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি নদীর পাড় রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।








