রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল

পত্রদূত ডেস্ক: এক দশকের পথচলা পেরিয়ে নতুন প্রত্যয়ের আলোয় ১১ বছরে পদার্পণ করল দৈনিক দক্ষিণের মশাল। সত্য প্রকাশের সাহস, মানুষের কথা বলার দায়বদ্ধতা এবং সমাজের অসঙ্গতির বিরুদ্ধে নির্ভীক অবস্থানের অঙ্গীকার নিয়ে শনিবার (২৩ মে) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬।

 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রতিনিধি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে এবং বিশেষ প্রতিনিধি শেখ হাসান শাহারিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাব-এর সভাপতি আবুল কাশেম, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী এবং ম্যানগ্রোভ সভাঘরের স্বত্বাধিকারী কবি স. ম. তুহিন প্রমুখ। বক্তারা বলেন, একটি সংবাদপত্র কেবল খবরের কাগজ নয়- এটি সমাজের বিবেক, মানুষের আশা-আকাঙ্খার প্রতিচ্ছবি।

 

বর্তমান সময়ে তথ্যের ভিড়ে সত্যকে তুলে ধরা যেমন কঠিন, তেমনি দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনও আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদের সুখ-দুঃখ, সম্ভাবনা, সংকট ও সংগ্রামের গল্প দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে তুলে ধরছে দৈনিক দক্ষিণের মশাল। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনমানুষের পক্ষে অবস্থান নেওয়ার কারণে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান গফুর, বার্তা সম্পাদক আব্দুর রহমান, মফস্বল সম্পাদক মোহাম্মদ মোজাহিদ, বিশেষ প্রতিনিধি এসএম আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার সাইফুল আজম খান মামুন, আরাফাত হোসেন, আব্দুল জলিল, আব্দুর রশিদ, খাইরুল বাসার, আবুল হোসেন, আবু সায়ীদ, আশাশুনি প্রতিনিধি আলমগীর হোসেন, কাশিমাড়ি ইউনিয়ন প্রতিনিধি হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার ইয়াছিন আলম এবং গ্রাফিক্স ডিজাইনার আবু হাসান।

সভাপতির বক্তব্যে সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী বলেন, “সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই দক্ষিণের মশাল পথচলা শুরু করেছিল। সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্যেও আমরা মানুষের কথা বলার চেষ্টা করেছি।

 

পাঠকের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিকতায় আজ আমরা ১১ বছরে পদার্পণ করেছি।” আলোচনা শেষে প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন সাংগঠনিক বিষয়, সংবাদ পরিবেশনায় নৈতিকতা, অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং পাঠকবান্ধব কনটেন্ট তৈরির ওপর মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ads small one

যেসব ইস্যুতে সমঝোতায় পৌঁছালো ইরান-যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
যেসব ইস্যুতে সমঝোতায় পৌঁছালো ইরান-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। এই চুক্তির আওতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হবে, যার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং ইরান অবাধে তেল বিক্রি করতে পারবে। একইসঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়েও আলোচনা চলবে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, সমঝোতা স্মারকের আওতায় ওই ৬০ দিনের মেয়াদে হরমুজ প্রণাললি কোনও শুল্ক ছাড়াই উন্মুক্ত থাকবে। এছাড়া জাহাজ চলাচল অবাধ করতে এই প্রণালিতে বসানো সব মাইন সরিয়ে নিতে সম্মত হয়েছে ইরান।

এর বিনিময়ে প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে এবং ইরানকে অবাধে তেল বিক্রির অনুমতি দিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, খসড়া চুক্তিতে ইরানের পক্ষ থেকে বেশ কিছু প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ইরান কখনওই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করার বিষয়ে আলোচনা করবে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নেবে।

এই সমঝোতা স্মারকে এটিও স্পষ্ট করা হয়েছে যে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের অবসান ঘটবে। তবে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ যদি কোনও উসকানি দেয় বা হামলা চালায়, তবে ইসরায়েল তাদের ওপর পাল্টা আঘাত করার অনুমতি পাবে।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ যদি শান্ত থাকে, তবে ইসরায়েলও শান্ত থাকবে। বেনিয়ামিন নেতানিয়াহুর নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনা রয়েছে, তবে ট্রাম্পকে যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক অর্থনীতির স্বার্থের কথা চিন্তা করতে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কিছু বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন।

দুইটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করা এবং পারমাণবিক উপাদান ত্যাগ করার বিষয়ে ইরান কতটা ছাড় দিতে ইচ্ছুক, সে সম্পর্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে তেহরান।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রও এই ৬০ দিনের মেয়াদে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা ইরানি তহবিল মুক্ত করার বিষয়ে আলোচনা করতে সম্মত হবে।

ওই মার্কিন কর্মকর্তা আশা প্রকাশ করে বলেছেন, দুই একদিনের মধ্যেই এই চুক্তির ঘোষণা আসতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকে, তবে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের একটি সুযোগ তৈরি হবে এবং ইরান তার পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারবে।

তবে এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউজ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ দুই জনকে আটক করেছে।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুই জনের মধ্যে একজনের নাম হচ্ছে জিয়াউল হক জিয়া। তার বাড়ি ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম মঈন উদ্দিন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। লিয়াকত আলী সরে গেলে গুলিটি পাশে থাকা এক ব্যক্তির শরীরে বিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘দুই জনকে আটক করা হয়েছে। আটক এক ব্যক্তির কাছ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। তাকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে জানতে পেরেছি। তদন্তের জন্য এই মুহূর্তে প্রতিপক্ষের নাম প্রকাশ করতে চাচ্ছি না।’

হজযাত্রীরা আজ মক্কা থেকে মিনায় যাত্রা করবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
হজযাত্রীরা আজ মক্কা থেকে মিনায় যাত্রা করবেন

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য প্রস্তুত বিশ্বের হজযাত্রীরা। গোটা মক্কা নগরী এখন হজযাত্রীমুখর। আজ রোববার থেকেই শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা। এদিন পবিত্র মক্কা থেকে হজের নিয়তে এহরাম বেঁধে তাঁবুর নগরী মিনার উদ্দেশে রওনা দেবেন লাখ লাখ হজযাত্রী। আগামীকাল সোমবার (৮ জিলহজ) সেখানে নির্ধারিত তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগি করবেন সবাই। পর্যায়ক্রমে ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতাসহ ১২ জিলহজ পর্যন্ত হজের সব কার্যক্রম সম্পন্ন করবেন তারা।

সূত্রমতে, সুষ্ঠু ও নিরাপদভাবে এবারের হজ অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। অভ্যন্তরীণ ছাড়াও বাংলাদেশসহ বিশ্ব থেকে ১৫ লক্ষাধিক হজযাত্রী ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছেন।

এদিকে এবার পবিত্র হজ পালনের জন্য ৭৯ হাজার ১৬৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে অবস্থান করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯২৬ জন হজ পালন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন সূত্রে জানা গেছে, পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন পুরুষ ও সাতজন মহিলা। মক্কায় ১৫ জন ও মদিনায় ৯ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হজযাত্রী মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মক্কায় অবস্থানরত ‘কাজী হজ কাফেলার’ পরিচালক কাজী রফিকুল ইসলাম গতকাল শনিবার আমার দেশকে বলেন, হজের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে আছি। রোববার সন্ধ্যার পর থেকে বাসযোগে হজ যাত্রীরা মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে ৮ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা দেবেন। সেখানে সোমবার অবস্থান করবেন সবাই। ওইদিন রাত থেকেই আবার পবিত্র আরাফাত ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করবেন হজযাত্রীরা। মঙ্গলবার ৯ জিলহজ সেখানে অবস্থান ও হজের খুতবা শোনার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে পরবর্তী সময়ে ১২ জিলহজ পর্যন্ত মুজদালিফায় রাতযাপন, মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি, তাওয়াফে জিয়ারতসহ অন্যান্য কার্যক্রম আদায় করবেন সবাই।

তিনি আরো জানান, প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে সবাইকে খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে। তাছাড়া এখন পর্যন্ত হজযাত্রীদের তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। সৌদি গেজেট সূত্রে জানা গেছে, শুক্রবার প্রেস ব্রিফিংয়ে সৌদি আরবের জননিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি জানিয়েছেন, হজের ধর্মীয় উদ্দেশের পরিপন্থী কোনো কার্যকলাপের জন্য তারা হজ মৌসুমকে অপব্যবহার করতে দেবে না। ভুয়া হজ যাত্রীদের কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণার পাশাপাশি হজ মৌসুমে দায়িত্ব পালনে হজ নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আল-বাসামি প্রকাশ করেন যে, কর্তৃপক্ষ দেশব্যাপী ২১৭টিরও বেশি ভুয়া হজ অভিযান নস্যাৎ করেছে এবং বাসস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী সাত হাজার ৭৩৩ জনকে ফেরত পাঠিয়েছে, যারা অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টা করেছিল। কর্তৃপক্ষ মক্কার প্রবেশপথগুলোতে তিন লাখ ৬৬ হাজার অননুমোদিত ব্যক্তিকে প্রবেশ করতে দেয়নি এবং আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত হাজার হাজার অননুমোদিত যানবাহন আটক করেছে।

তিনি বলেন, মাঠ পর্যায়ের সূচকগুলো গত বছরের তুলনায় নিয়ম পালনে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে, যার মধ্যে লঙ্ঘনকারী ও নির্বাসিতের সংখ্যা ৪৪ শতাংশ, ভুয়া হজ প্রচারণা ১২ শতাংশ এবং বাসস্থান ও সীমান্ত বিধি সংক্রান্ত লঙ্ঘন ৩৩ শতাংশ হ্রাসের বিষয়টি উল্লেখযোগ্য। দেশটির পাসপোর্ট বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক মেজর জেনারেল ড. সালেহ আল-মুরব্বা জানিয়েছেন, গত শুক্রবার বিকাল পর্যন্ত বিদেশ থেকে ১৫ লাখ ১৮ হাজারেরও বেশি হজযাত্রী পৌঁছেছেন, যার মধ্যে ১৪ লাখ ৫৭ হাজারেরও বেশি বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করেন।

এদিকে আরব নিউজ সূত্রে জানা গেছে, হজ মৌসুমে মক্কায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৪০ শতাংশ পর্যন্ত আর্দ্রতা এবং খোলা জায়গায় ধুলি উড়ানো বাতাসের সম্ভাবনাও রয়েছে। এ সময় পানিশূন্যতা এড়াতে হজযাত্রী ও ভ্রমণকারীদের প্রচুর পরিমাণে তরল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

পবিত্র হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন চার বাংলাদেশি

এদিকে পবিত্র হজের খুতবা চলতি বছরও বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ ও সম্প্রচার করা হবে। এর মাধ্যমে টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা শুনতে পারবেন বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমানরা। সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সির অধীনে পরিচালিত এ কার্যক্রমে এবার বাংলা অনুবাদ দলের দায়িত্ব পালন করবেন চার বাংলাদেশি। তারা হলেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব।

জানা গেছে, অনুবাদ কার্যক্রমে যুক্ত চারজনই মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বাংলা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ খলীলুর রহমান। তিনি জানান, আরাফাতের ময়দান থেকে প্রচারিত হজের খুতবা বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে। অনুবাদ কার্যক্রমে পুরো দল অংশ নিলেও উপস্থাপনায় সাধারণত দুজন দায়িত্ব পালন করেন। তিনি এর আগে একাধিকবার হজের খুতবার বাংলা অনুবাদ উপস্থাপনা করেছেন।