সম্পাদকীয়/ প্রান্তিক মানুষের কণ্ঠস্বর ও টেকসই জলবায়ু সহনশীলতা
উপকূলীয় জেলা সাতক্ষীরার জীবনযাত্রায় প্রকৃতির রূপ নিত্যদিনই চ্যালেঞ্জের মুখোমুখি। অনবরত লবণাক্ততা বৃদ্ধি, জলাবদ্ধতা ও একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাভাবিক জীবিকাকে প্রতিনিয়ত বিপন্ন করছে। এ বাস্তবতায় সম্প্রতি সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়িতে অনুষ্ঠিত অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভাটি অত্যন্ত সময়োপযোগী এবং ইতিবাচক একটি পদক্ষেপ। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘আইসিআরডিভিসিভি’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী প্রান্তিক মানুষের যে মেলবন্ধন দেখা গেছে, টেকসই উন্নয়নের জন্য তা অপরিহার্য।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা কিংবা উপকূলীয় এলাকার মানুষের মানোন্নয়নে যেকোনো পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে ওপর থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের চেয়ে স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও প্রয়োজনকে প্রাধান্য দেওয়া বেশি জরুরি। সভায় উপকারভোগী প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে তাঁদের অভিজ্ঞতা, অর্জনের গল্প যেমন শেয়ার করেছেন, তেমনি তুলে ধরেছেন বিদ্যমান সংকট ও প্রত্যাশার কথা। তাদের এই বাস্তব জীবনের অভিজ্ঞতা সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থাগুলোর দিকনির্দেশক হিসেবে কাজ করতে পারে।
সাতক্ষীরার মতো দুর্যোগপ্রবণ এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান রক্ষা করতে হলে কেবল বিচ্ছিন্ন ত্রাণ বা সাময়িক সহায়তা যথেষ্ট নয়। তাঁদের প্রয়োজন টেকসই প্রযুক্তিগত সেবা, সহজলভ্য কারিগরি সহায়তা ও সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদি পরিকল্পনা। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের বার্ষিক পরিকল্পনা ও বাজেটে প্রান্তিক মানুষের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বরাদ্দ বাড়ানো অত্যন্ত জরুরি। এর পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) নিজস্ব কাজের মধ্যে কার্যকরী সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন, যাতে করে একই লক্ষ্য অর্জনে দ্বৈত প্রচেষ্টা বা সম্পদের অপচয় না ঘটে।
আমরা মনে করি, প্রান্তিক মানুষের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে এবং তাদের প্রয়োজন অনুযায়ী সেবা পৌঁছে দিতে সরকারি দপ্তরগুলোর যে ইতিবাচক প্রতিশ্রুতি সভায় পরিলক্ষিত হয়েছে, তা কাগজে-কলমে বা মাঠের আলোচনাতেই সীমাবদ্ধ রাখা চলবে না। জেলা ও উপজেলা পর্যায়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে দ্রুত ও সহজ উপায়ে সেবা পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় চাহিদাভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে যদি সাতক্ষীরার উপকূলীয় মানুষের জলবায়ু সহনশীলতা বাড়ানো যায়, তবেই প্রান্তিক মানুষের জীবনমান বাস্তবে উন্নত হবে।









