রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতার অবসানে আন্তর্জাতিক দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতার অবসানে আন্তর্জাতিক দিবস

সাকিবুর রহমান বাবলা

সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ, দুর্নীতি উন্মোচন এবং জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। রাষ্ট্র ও সমাজের নানা অসংগতি তুলে ধরে সাংবাদিকরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকদের হত্যা, নির্যাতন, অপহরণ, হুমকি, বেআইনি আটক ও হয়রানির শিকার হতে হয়। উদ্বেগের বিষয়, এসব অপরাধের বড় একটি অংশেরই সুষ্ঠু বিচার হয় না। অপরাধীরা শাস্তির বাইরে থেকে যাওয়ায় সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়, বাধাগ্রস্ত হয় মানুষের স্বাধীনভাবে মত প্রকাশ ও তথ্য জানার অধিকার। এ প্রেক্ষাপটে সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারহীনতার অবসান এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার নিয়ে ২ নভেম্বর পালিত হয় ‘সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারহীনতার অবসানে আন্তর্জাতিক দিবস’।

দিবসটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ২০১৩ সালের ২ নভেম্বর মালিতে দুই ফরাসি সাংবাদিক গিজলেন দুপোঁ ও ক্লোদ ভেরলোঁর হত্যাকাণ্ড। তাঁদের স্মরণে এবং সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতার সংস্কৃতি বন্ধে বৈশ্বিক উদ্যোগ জোরদার করতে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৩ সালের ডিসেম্বরে ৬৮তম অধিবেশনে একটি প্রস্তাব গ্রহণ করে। এর মাধ্যমে ২ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রস্তাবে সদস্যরাষ্ট্রগুলোকে সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্ত, বিচার এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার অধিকাংশ ঘটনারই বিচার হয় না। এ ধরনের বিচারহীনতা শুধু অপরাধীদের উৎসাহিত করে না, বরং আইনের শাসন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাও দুর্বল করে। সাংবাদিক হত্যার ঘটনায় বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে একই ধরনের অপরাধ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। তাই অপরাধের নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

চলতি বছরের দিবসের প্রতিপাদ্য ‘হুমকির ধরন বদলায়, বিচারহীনতা থেকেই যায়’। এ প্রতিপাদ্যে সাংবাদিকদের বিরুদ্ধে পরিবর্তিত হামলার ধরন এবং অপরাধের বিচার না হওয়ার দীর্ঘস্থায়ী সংকট তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তি, ড্রোন ও নতুন ধরনের অস্ত্র সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে। নারী সাংবাদিকদের ক্ষেত্রে এসব বিপদের পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা ও পরিকল্পিত হুমকিও উদ্বেগ বাড়াচ্ছে।

শারীরিক হামলার পাশাপাশি ডিজিটাল হয়রানি, সাইবার বুলিং, ভিত্তিহীন মামলা ও অনলাইন হুমকি সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইনের অপব্যবহার, রাজনৈতিক চাপ এবং গণমাধ্যমের মালিকপক্ষের বাণিজ্যিক স্বার্থের কারণে অনেক সাংবাদিক স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারেন না। এর ফলে আত্মনিয়ন্ত্রণ বা স্ব-আরোপিত সেন্সরশিপের প্রবণতা বাড়ে। বিশেষ করে মফস্বল সাংবাদিকেরা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও অপরাধচক্রের হুমকির মুখে থেকেও অনেক সময় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুরক্ষা পান না। পাশাপাশি পেগাসাসের মতো স্পাইওয়্যার দিয়ে নজরদারি, মুঠোফোনে আড়িপাতা ও তথ্য চুরির আশঙ্কা সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলছে।

বাংলাদেশেও সাংবাদিকদের নিরাপত্তা ও অপরাধের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘদিনের কিছু ঘটনা বিশেষভাবে আলোচিত। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নিহত হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। তাঁদের হত্যাকাণ্ডের এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন রয়ে গেছে। তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ বারবার পিছিয়ে যাওয়ায় বিচারপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হয়েছে। এ ঘটনা সাংবাদিক হত্যার তদন্তে দীর্ঘসূত্রতা ও জবাবদিহির সংকটকে সামনে এনেছে।

এ ছাড়া ২০০০ সালের ১৬ জুলাই যশোরে দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামছুর রহমান এবং ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনায় সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এসব হত্যাকাণ্ডের বিচার ও অপরাধীদের জবাবদিহির প্রশ্ন দীর্ঘদিন ধরে আলোচিত। ঘটনাগুলো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার কতটা জরুরি, তা স্মরণ করিয়ে দেয়।

বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক্‌স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তথ্য অধিকার আইন, ২০০৯ তথ্য সংগ্রহ ও অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ রয়েছে। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার বিচার প্রচলিত ফৌজদারি আইনের আওতায় পরিচালিত হয়। তবে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর প্রতিরোধব্যবস্থা, দ্রুত তদন্ত এবং বিচারপ্রক্রিয়ার জবাবদিহি আরও জোরদার করা প্রয়োজন।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের রয়েছে ‘সাংবাদিকদের নিরাপত্তা ও অপরাধের বিচারহীনতা মোকাবিলায় জাতিসংঘের কর্মপরিকল্পনা’। এটি সাংবাদিকদের ওপর হামলা ও অপরাধের বিচারহীনতা মোকাবিলায় জাতিসংঘের একটি সমন্বিত উদ্যোগ। এর মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, জাতীয় কর্তৃপক্ষ, গণমাধ্যম ও নাগরিক সমাজকে একত্র করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে প্রযুক্তিনির্ভর নতুন হুমকি এবং অপরাধের বিচারহীনতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

সাংবাদিকদের সুরক্ষা কেবল পেশাগত দাবি নয়; এটি নাগরিকের তথ্য জানার মৌলিক অধিকার ও গণতন্ত্রের প্রাণশক্তির পূর্বশর্ত। কলম ও ক্যামেরাকে ভয় দেখিয়ে দুর্নীতি ও অনিয়ম আড়াল করার চেষ্টা রাষ্ট্র ও সমাজের স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করে। তাই সংবাদকর্মীদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঝুঁকিতে থাকা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র, বিচার বিভাগ, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে না। বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে অবাধ তথ্যপ্রবাহ, মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করাই হোক এই আন্তর্জাতিক দিবসের অঙ্গীকার।

Ads small one

যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ইসলামোফোবিয়া ও ইসলামবিরোধী প্রচারণার রেকর্ড বৃদ্ধির মধ্যেও যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন স্তরে রেকর্ড সংখ্যক মুসলিম আমেরিকান জয়ী হয়েছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (কেয়ার) তথ্য অনুযায়ী, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায় মিলিয়ে অন্তত ৯৭ জন মুসলিম আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন।

চলতি নির্বাচনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দুই দল মিলিয়ে মোট ১৬৮ জন মুসলিম আমেরিকান প্রার্থী প্রাথমিক পর্ব (প্রাইমারি) পার হয়ে চূড়ান্ত লড়াইয়ে অংশ নেন। এখনও ডাকযোগে আসা ভোট গণনা চলায় আরও এক ডজনের বেশি প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক ঐতিহাসিক বিজয় এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক সক্রিয়তা এই রেকর্ড জয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

আমেরিকান আইনসভার উচ্চকক্ষ সিনেটে প্রথমবার কোনও মুসলিম প্রতিনিধি হিসেবে ছয় বছরের মেয়াদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবদুল এল-সাইয়েদ। এ ছাড়া প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেনটেটিভস) বিজয়ী হয়েছেন ছয়জন মুসলিম আমেরিকান। তারা হলেন, পুনর্নির্বাচিত ইলহান ওমর, রশিদা তাইব, আন্দ্রে কারসন ও লাতিফাহ সাইমন এবং নতুন বিজয়ী অ্যাডাম হামাভি ও দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার। কেয়ারের তথ্যমতে, এই ৭ জন ছাড়া রাজ্য আইনসভা ও অ্যাটর্নি জেনারেলসহ ৩৯টি রাজ্যপর্যায়ের পদে, স্থানীয় কাউন্টি ও পৌরসভায় ১৬টি পদে, শিক্ষা ও স্কুল বোর্ডে ২৭টি পদে এবং বিচারক হিসেবে ৮ জন মুসলিম বিজয়ী হয়েছেন।

ইসলামিক পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (এমপ্যাক) এবং অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৫৫ লাখ মুসলিম বাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ। ডোনাল্ড ট্রাম্পের আমলে ও রিপাবলিকান পার্টিতে ইসলামবিরোধী বক্তব্য ও অপপ্রচার এক প্রজন্মের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকা সত্ত্বেও এবার ভোটারদের উপস্থিতি ছিল অভূতপূর্ব। বিগত এক বছরে মুসলিমদের ভোটার নিবন্ধনের হার অন্তত ২৫ শতাংশ বেড়েছে এবং জরিপ অনুযায়ী ৯৩ শতাংশ মুসলিম ভোটকেন্দ্রে গিয়েছেন। এদের মধ্যে ৮০ শতাংশ ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, মুসলিম আমেরিকানরা কেবল দল দেখে নয়, বরং নীতির ভিত্তিতে ভোট দেন। অলাভজনক সংস্থা জর্জিয়া মুসলিম ভোটার প্রজেক্ট-এর যোগাযোগ পরিচালক উরুজ আলী জানান, মুসলিম ভোটাররা দলের চেয়ে নীতির ওপর ভিত্তি করে ভোট দেওয়ার প্রবণতা দেখান। অনেকেই নিজেদের দলীয় পরিচয়ের চেয়ে স্বতন্ত্র ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

গাজায় ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষা এই নির্বাচনে মুসলিম ভোটারদের বড় চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। কেয়ারের জরিপে ৭০ শতাংশ মুসলিম জানান, ইসলামফোবিয়ার প্রতিবাদ হিসেবেই তারা ভোট দিতে অনুপ্রাণিত হয়েছেন এবং ৮০ শতাংশের মতে গাজা পরিস্থিতি তাদের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।

নতুন বিজয়ী মুসলিম নেতৃত্বের ধরণ নিয়ে মুসলিম পাবলিক সার্ভিস-এর প্রধান আহমেদ মাতি বলেন, আমাদের সম্প্রদায়ের সদস্যরা এখন জাতীয় ও স্থানীয় নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখছেন। এই জয় বছরের পর বছর ধরে চলা সামাজিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল।

অন্যদিকে, ডেমোক্র্যাটিক আবদুল এল-সাইয়েদের মতো প্রার্থীরা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে এড়িয়ে না গিয়ে গর্বের সঙ্গে তুলে ধরেই ভোটারদের আস্থা অর্জন করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকান রাজনীতিতে এই জয় কেবল মুসলিম সম্প্রদায়ের নয়, বরং বহুমাত্রিক আমেরিকান বৈচিত্র্যের এক বড় অগ্রগতি।

সূত্র: মিডল ইস্ট আই

রাজধানীতে এবার স্কুল বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন

রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভাটারা থানার কর্তব্যরত অফিসার দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা, কীভাবে আগুন দিল এখনও সেটি জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাজধানীতে বিভিন্ন বাসে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকাল শনিবারও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে কয়েক দিনে রাজধানীতে অন্তত আটটি বাসে আগুন ও গুরুত্বপূর্ণ স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর-১ এর সনি হলের সামনে একটি প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, মোটরসাইকেলে করে আসা লোক এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।