সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি: অধিকাংশ সংবাদমাধ্যম যখন বেতন-ভাতার বিষয়টি আড়ালে রাখে, সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্মানজনক বেতনের ঘোষণা দিয়ে এশিয়া পোস্ট যে সাহসিকতা দেখিয়েছে, তা বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে এক বিরল এবং অনুকরণীয় দৃষ্টান্ত। এই একটি পদক্ষেপই প্রমাণ করে তারা সাংবাদিকতার পেশাদারিত্ব এবং কর্মীদের মর্যাদাকে কতটা গুরুত্ব দেয়। এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রালগ্নে আমন্ত্রিত অতিথিদের কণ্ঠে বারবার এভাবেই উঠে আসছিল প্রতিষ্ঠানটির শুরুর দিকের সেই সাহসী পদক্ষেপের কথা।

 

সোমবার (১১ মে) দিনব্যাপী সাতক্ষীরার আকাশ-বাতাস যেন মেতে ছিল এশিয়া পোস্টের উৎসবে। ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছিল নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, মাঠপর্যায়ের সাংবাদিক এবং তরুণ সমাজকর্মীদের অন্তহীন শুভকামনা। জেলাজুড়ে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে দেয়, গণমাধ্যমের ভিড়ে একটি বস্তুনিষ্ঠ ও শক্তিশালী কণ্ঠস্বরের জন্য কতটা মুখিয়ে ছিল উপকূলীয় এই জনপদ।

রাজধানীর প্রধান কার্যালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শুরু হয় স্থানীয় পর্যায়ের উদযাপন। প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী এবং সুধী সমাজের উপস্থিতিতে সভাঘরটি পরিণত হয়েছিল এক মিলনমেলায়।

\
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি ও সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, দক্ষিণবঙ্গের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু, সঙ্গীত শিল্পী চৈতালী মুখার্জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক আল ইমরান ইমু, বর্তমান আহ্বায়ক আরাফাত হোসাইন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ।

এসময় মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেনের পরিচালনায় আরও শুভেচ্ছা জানান, বাংলা নিউজের জেলা প্রতিনিধি তানজীর কচি, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, দেবহাটা উপজেলা ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমেন, গ্লোবাল টিভির রাহাত রাজা, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, টাইমস টুডের মিলন কুমার বিশ্বাস, সংবাদ প্রকাশের রেজাউল করিম, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল প্রমুখ।

এছাড়াও তরুণ ও সামাজিক নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার সাবেক সভাপতি সুব্রত হালদার, বিডি ক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু, ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি দেলোয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনী আলোচনায় বক্তারা এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে সাংবাদিকতা যখন নানামুখী চ্যালেঞ্জের মুখে, তখন এমন একটি আধুনিক ও তারুণ্যনির্ভর প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি ছিল। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার এশিয়া পোস্ট দেখিয়েছে, তা দেশের সংবাদপত্রের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও পাঠকদের কণ্ঠে বারবার ফিরে এসেছে একটিই দাবি, বর্তমান সময়ের সস্তা ‘ক্লিক-বেইট’ সাংবাদিকতার বিপরীতে এশিয়া পোস্ট যেন তথ্যের গুণগত মান বা ‘কোয়ালিটি জার্নালিজম’ বজায় রাখে। অভিজ্ঞতার ঝুলি আর তারুণ্যের উদ্যমকে এক সুতোয় গেঁথে এশিয়া পোস্ট মফস্বলের প্রকৃত চিত্র তুলে ধরবে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে এমনটাই প্রত্যাশা সকলের। শেষে অতিথিবৃন্দ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উদযাপন করেন।

Ads small one

মঞ্চসারথী আতাউর রহমান আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
মঞ্চসারথী আতাউর রহমান আর নেই

দেশের প্রখ্যাত নাট্যজন আতাউর রহমান আর নেই। আজ রাত ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতা ও নাট্যনির্দেশক অনন্ত হিরা। এর আগে তার মেয়ে শর্মিষ্ঠা রহমান জানিয়েছিলেন, তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

অনন্ত হিরা বলেন, “রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এখনো তার মরদেহ হাসপাতালেই রাখা আছে। আগামীকাল শহীদ মিনারে সর্বস্তরের মানুষের জন্য শেষ শ্রদ্ধা নিবেদন শেষে তাকে দাফন করা হবে।”

আতাউর রহমানের মৃত্যুতে সংস্কৃতাঙ্গনে গভীর শোক নেমে এসেছে।

বাংলা নাট্যাঙ্গনের এক অবিস্মরণীয় নাম আতাউর রহমান। অভিনেতা, নাট্যকার, নির্দেশক, সংগঠক ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রসৈনিক—প্রতিটি পরিচয়েই তিনি ছিলেন অনন্য। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের মঞ্চনাটক, টেলিভিশন নাটক ও নাট্যচর্চাকে তিনি শুধু সমৃদ্ধই করেননি, বরং একটি প্রজন্মকে পথও দেখিয়েছেন।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীর ফেনীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। শৈশব থেকেই সাহিত্য, অভিনয় ও সংস্কৃতির প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করলেও জীবনের প্রকৃত ঠিকানা হিসেবে বেছে নেন নাটককে। ষাটের দশকে তিনি মঞ্চনাটকের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলাদেশের আধুনিক নাট্যআন্দোলনের অন্যতম প্রধান মুখ।

স্বাধীনতা-পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্যচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যাঁরা কাজ করেছেন, আতাউর রহমান তাঁদের অগ্রভাগে ছিলেন। তিনি অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনা ও নাট্যরচনায়ও সমান দক্ষতা দেখান। তাঁর নির্মাণে সামাজিক বাস্তবতা, মানবিক সংকট, রাজনৈতিক অভিঘাত ও মধ্যবিত্ত জীবনের নানা টানাপোড়েন উঠে এসেছে সংবেদনশীল ভাষায়।

মঞ্চে তাঁর উপস্থিতি ছিল দৃঢ় অথচ সংযত। সংলাপ উচ্চারণ, চরিত্র বিশ্লেষণ এবং অভিনয়ের বুদ্ধিবৃত্তিক গভীরতার জন্য তিনি আলাদা মর্যাদা লাভ করেন। টেলিভিশন নাটকেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় মুখ। বিটিভির স্বর্ণালি সময়ে তাঁর অভিনীত অসংখ্য নাটক দর্শকের কাছে বিশেষভাবে সমাদৃত হয়।

নাট্যসংগঠক হিসেবেও তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশ সেন্টার অব ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (BCITI)-এর সভাপতির দায়িত্ব পালন করেন এবং দেশের নাট্যচর্চাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। নতুন প্রজন্মের শিল্পীদের প্রশিক্ষণ, নাট্যআন্দোলনের বিস্তার এবং সাংস্কৃতিক চর্চার বিকাশে তিনি আজীবন কাজ করে গেছেন।

সাহিত্যচর্চাতেও তিনি ছিলেন সক্রিয়। তাঁর লেখা নাটক, প্রবন্ধ ও রম্যরচনায় সমাজ পর্যবেক্ষণের সূক্ষ্মতা এবং ব্যঙ্গরসের উপস্থিতি লক্ষ করা যায়। ‘ষষ্ঠী তৎপুরুষ’, ‘দুই দুগুণে পাঁচ’ ও ‘মধ্যরাতের জোকস’-এর মতো গ্রন্থ তাঁর সাহিত্যিক পরিচয়কে সমৃদ্ধ করেছে।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আতাউর রহমানের প্রয়াণে বাংলাদেশের নাট্যাঙ্গন হারাল এক প্রজ্ঞাবান অভিভাবককে। তাঁর কর্ম, দর্শন ও নাট্যভাষা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

লেবাননে ইসরায়ালি ড্রোন হামলায় সাতক্ষীরার ২ যুবক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
লেবাননে ইসরায়ালি ড্রোন হামলায় সাতক্ষীরার ২ যুবক নিহত

পত্রদূত রিপোর্ট: দক্ষিণ লেবাননের জেবদিন নামের এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী ও একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন। সোমবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে এই তথ্য জানিয়েছে।
নিহতদের একজন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাদপুর গ্রামের আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে শফিকুল ইসলাম এবং অপরজন আশাশুনির কাদাকাটি গ্রামের মোঃ আব্দুল কাদের ও নুরুন্নাহান খাতুন দম্পত্তির ছেলে নাহিদুল ইসলাম নাহিদ বলে পবিারের সদস্যদের উদ্বৃতি দিয়ে নিশ্চিত করেছেন ভালুকা চাদপুর মডেল হাইস্কালের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ ওরফে বাবলু মাষ্টার।
লেবাননে বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া শোকবার্তাটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সামাজি যোগাযোগ মাধ্যমে পাওয়া শোবার্তায় বলা হয়েছে“ অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে, লেবানন প্রবাসী দু’জন রেমিট্যান্সযোদ্ধা শফিকুল ইসলাম পিতা মোঃ আফসার আলী, মাতা: আজেয়া খাতুন, ঠিকানা: ভালুকা চাঁদপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা এবং মো নাহিদুল ইসলাম নাহিদ পিতা: মো: আব্দুল কাদের, মাতা: নুরুন্নাহার খাতুন, কাদাকাটি, আশাশুনি, সাতক্ষীরা আজ ১১ মে, ২০ ১২ টায় লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের যেবদীন এলাকায় তাদের আবাসস্থলে ইসরায়েলে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
লেবানন প্রবাসী উপরোক্ত দু’জন রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত একই সাথে দু’জন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। বর্তমানে মরদেহ নাখাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।” শোকবার্তায় স্বাক্ষর করেছেন প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। রাত ১টায় এরিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরার কোন সরকারী কর্মকর্তার সাথেও নিহতদের পরিচয় সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করতে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানা গেছে, নিহত তিন ব্যক্তিই ওই এলাকায় কাজ করছিলেন। গতকাল ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে স্থানীয় আরও দুজন বাসিন্দা নিহত হন।
চলতি বছরের ২ মার্চ লেবাননে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৮ হাজার ৭৩০ জন মানুষ।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই যুদ্ধবিরতিতে ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কোনো উল্লেখ ছিল না। অথচ দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহরই সরাসরি সংঘর্ষ ও গোলাগুলি চলছে।

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার পৃথক অসুস্থতায় ভুগে মারা যান যুগিপুকুরিয়া গ্রামের শহর আলী সরদারের দুই ছেলে আছিরদ্দীন (৫৮) ও মোহাম্মদ আলী (৫০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহর আলীর পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে আছিরদ্দীন গত ২০ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। সোমবার ভোরে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। বড় ভাইয়ের দাফনের প্রস্তুতি চলাকালেই দুপুর ১২টার দিকে মারা যান সেজ ভাই মোহাম্মদ আলী। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। স্বজনদের দাবি, তাঁর শরীরে একটি টিউমার জটিল আকার ধারণ করে পরবর্তীতে ক্যানসারে রূপ নিয়েছিল।
একই দিনে দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারটিতে চলছে কান্নার রোল। মৃত আছিরদ্দীনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে মোহাম্মদ আলী রেখে গেছেন এক ছেলে ও পাঁচ মেয়েকে। সোমবার বাদ জোহর বড় ভাই আছিরদ্দীনের এবং বাদ মাগরিব সেজ ভাই মোহাম্মদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন করা হয়।

প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা জানান, অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে গ্রামে বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত¡না দিতে ভিড় করছেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।