সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

জিআই স্বীকৃত হিমসাগর ও সাতক্ষীরার আম পর্যটন: বৈশ্বিক মডেল ও আমাদের করণীয়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
জিআই স্বীকৃত হিমসাগর ও সাতক্ষীরার আম পর্যটন: বৈশ্বিক মডেল ও আমাদের করণীয়

মো. মামুন হাসান
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত সাতক্ষীরা জেলা এখন কেবল সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবেই নয়, বরং দেশের ‘আর্লি ম্যাঙ্গো বাস্কেট’ বা আগাম আমের ভা-ার হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছে। প্রতি বছর মে মাসের শুরুতেই যখন রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো কেবল পরিপক্ব হওয়ার অপেক্ষায় থাকে, সাতক্ষীরার বাজারে তখন হিমসাগর ও গোবিন্দভোগের সুবাসে ম ম করে।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সাতক্ষীরায় প্রায় ৫ হাজার হেক্টরের বেশি জমিতে বাণিজ্যিকভাবে আমের আবাদ হচ্ছে, যা থেকে বার্ষিক উৎপাদনের পরিমাণ ছাড়িয়ে যাচ্ছে ৫০ হাজার মেট্রিক টন। এই বিপুল উৎপাদন কেবল স্থানীয় বাজারের চাহিদা মেটাচ্ছে না, বরং গত কয়েক বছরে ইউরোপের বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশের মোট আমের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই জোগান দিচ্ছে এই জেলা। সাতক্ষীরার এই প্রাকৃতিক ও বাণিজ্যিক সুবিধাকে পুঁজি করে ‘আম পর্যটন’ বা ‘এগ্রো-ট্যুরিজম’ এর যে বিশাল সম্ভাবনা রয়েছে, তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের পর্যটন মানচিত্রে সাতক্ষীরা একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করবে।

বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যায় যে তারা কীভাবে একটি নির্দিষ্ট কৃষিপণ্যকে পর্যটনের প্রধান আকর্ষণে পরিণত করেছে। উদাহরণস্বরূপ, থাইল্যান্ডের কথা বলা যায়। দেশটিতে প্রতি বছর বিশেষ করে রায়ং এবং চন্তাবুরি প্রদেশে ‘ফ্রুট ফেস্টিভ্যাল’ আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার বিদেশি পর্যটক কেবল হাতে পাড়া ফল খাওয়ার অভিজ্ঞতার জন্য ভিড় করেন। একইভাবে জাপানের হোক্কাইডো অঞ্চলে বিশেষ জাতের তরমুজ ও চেরি ফলকে কেন্দ্র করে বিলাসবহুল পর্যটন প্যাকেজ পরিচালনা করা হয়। ভারতের রতœাগিরিতে আলফনসো আমকে ঘিরে গড়ে উঠেছে বিশাল এক পর্যটন শিল্প, যেখানে পর্যটকরা বাগানের ভেতরেই রিসোর্টে রাত কাটান। সাতক্ষীরায় ঠিক এই মডেলটি বাস্তবায়ন করা সম্ভব। সাতক্ষীরার হিমসাগর আম ইতোমধ্যে জিআই পণ্য হিসেবে বিশ্বস্বীকৃতি পেয়েছে, যা মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। পর্যটকদের জন্য যদি এমন একটি প্যাকেজ তৈরি করা যায় যেখানে তারা সকালে সুন্দরবনে ভ্রমণ করবেন এবং দুপুরে কোনো প্রাচীন আম বাগানে বসে খাঁটি ও বিষমুক্ত হিমসাগরের স্বাদ নেবেন, তবে তা পর্যটন খাতে এক নতুন মাত্রা যোগ করবে।
সাতক্ষীরাকে একটি আন্তর্জাতিক আম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে আমাদের মার্কেটিং পলিসিতে আমূল পরিবর্তন আনতে হবে। বর্তমানের গতানুগতিক বাজার ব্যবস্থার বদলে ‘এক্সপেরিয়েন্স ট্যুরিজম’ বা অভিজ্ঞতাভিত্তিক পর্যটনে জোর দিতে হবে। এখানে ‘ডিজিটাল ট্রেসেবিলিটি’ পদ্ধতি প্রবর্তন করা জরুরি। প্রতিটি বড় বাগানের জন্য আলাদা কিউআর কোড থাকবে, যা স্ক্যান করলে পর্যটক জানতে পারবেন বাগানটির অবস্থান, গাছের বয়স এবং আমটি কত তারিখে পাড়া হয়েছে। এটি ক্রেতার মনে আমটি সম্পর্কে শতভাগ আস্থা তৈরি করবে। এছাড়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ট্রাভেল ব্লগারদের মাধ্যমে ‘ম্যাঙ্গো ট্রেইল’ ক্যাম্পেইন চালানো যেতে পারে। তরুণ উদ্যোক্তারা আম বাগানগুলোতে ‘পিক ইউর ওউন ফ্রুট’ বা নিজের আম নিজে পাড়ার সুযোগ সংবলিত প্যাকেজ চালু করতে পারেন। এর ফলে পর্যটকরা কেবল পণ্য কিনছেন না, বরং তারা একটি স্মৃতির অংশ হচ্ছেন, যা মার্কেটিংয়ের ভাষায় সবচাইতে শক্তিশালী প্রচার।

পরিসংখ্যান বলছে, সাতক্ষীরায় বছরে প্রায় ২ হাজার কোটি টাকার আমের লেনদেন হয়। কিন্তু এই বিপুল অর্থের একটি বড় অংশ মধ্যস্বত্বভোগীদের পকেটে চলে যায়। আম পর্যটন চালু হলে পর্যটক সরাসরি কৃষকের বাগান থেকে আম কিনবেন, যার ফলে কৃষক ন্যায্য মূল্য পাবেন এবং স্থানীয় অর্থনীতিতে সরাসরি অর্থের প্রবাহ বাড়বে। এই শিল্পকে এগিয়ে নিতে একটি সমন্বিত ‘ম্যাঙ্গো করিডোর’ নির্মাণ করা প্রয়োজন। সাতক্ষীরার তালা থেকে শুরু করে কলারোয়া, দেবহাটা ও কালীগঞ্জ পর্যন্ত বিস্তৃত আম বাগানগুলোকে এক সুতোয় গেঁথে সরকারি পৃষ্ঠপোষকতায় রাস্তাঘাট উন্নয়ন, পর্যটকদের জন্য মানসম্মত স্যানিটেশন ও নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিশেষ করে সাতক্ষীরায় যদি একটি ‘ম্যাঙ্গো ট্যুরিজম ভিলেজ’ স্থাপন করা যায়, যেখানে আমের মিউজিয়াম, আধুনিক হিমাগার এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থাকবে, তবে এটি বিদেশের আমদানিকারকদেরও আকৃষ্ট করবে।

সবশেষে, সাতক্ষীরার এই আগাম আম কেবল একটি ফল নয়, এটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক। রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের আম ঐতিহ্যে সমৃদ্ধ হলেও সাতক্ষীরার আম বাণিজ্যে ও আধুনিকতায় অনন্য। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে জেলা প্রশাসন, পর্যটন কর্পোরেশন এবং কৃষি বিভাগকে একযোগে কাজ করতে হবে। উন্নত হিমাগার সুবিধা এবং বিমানবন্দর সংলগ্ন যোগাযোগ ব্যবস্থা থাকলে সাতক্ষীরার আম ও পর্যটন শিল্প থেকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার আয় করা সম্ভব। সাতক্ষীরাকে ‘গ্লোবাল ম্যাঙ্গো হাব’ হিসেবে গড়ে তোলার জন্য এখনই সঠিক সময়, যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির এক নতুন দিগন্ত উন্মোচন করবে। লেখক: ইনস্ট্রাক্টর (টেক) ও বিভাগীয় প্রধান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট

 

 

 

 

Ads small one

লেবাননে ইসরায়ালি ড্রোন হামলায় সাতক্ষীরার ২ যুবক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
লেবাননে ইসরায়ালি ড্রোন হামলায় সাতক্ষীরার ২ যুবক নিহত

পত্রদূত রিপোর্ট: দক্ষিণ লেবাননের জেবদিন নামের এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী ও একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন। সোমবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে এই তথ্য জানিয়েছে।
নিহতদের একজন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাদপুর গ্রামের আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে শফিকুল ইসলাম এবং অপরজন আশাশুনির কাদাকাটি গ্রামের মোঃ আব্দুল কাদের ও নুরুন্নাহান খাতুন দম্পত্তির ছেলে নাহিদুল ইসলাম নাহিদ বলে পবিারের সদস্যদের উদ্বৃতি দিয়ে নিশ্চিত করেছেন ভালুকা চাদপুর মডেল হাইস্কালের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ ওরফে বাবলু মাষ্টার।
লেবাননে বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া শোকবার্তাটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সামাজি যোগাযোগ মাধ্যমে পাওয়া শোবার্তায় বলা হয়েছে“ অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে, লেবানন প্রবাসী দু’জন রেমিট্যান্সযোদ্ধা শফিকুল ইসলাম পিতা মোঃ আফসার আলী, মাতা: আজেয়া খাতুন, ঠিকানা: ভালুকা চাঁদপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা এবং মো নাহিদুল ইসলাম নাহিদ পিতা: মো: আব্দুল কাদের, মাতা: নুরুন্নাহার খাতুন, কাদাকাটি, আশাশুনি, সাতক্ষীরা আজ ১১ মে, ২০ ১২ টায় লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের যেবদীন এলাকায় তাদের আবাসস্থলে ইসরায়েলে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
লেবানন প্রবাসী উপরোক্ত দু’জন রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত একই সাথে দু’জন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। বর্তমানে মরদেহ নাখাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।” শোকবার্তায় স্বাক্ষর করেছেন প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। রাত ১টায় এরিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরার কোন সরকারী কর্মকর্তার সাথেও নিহতদের পরিচয় সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করতে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানা গেছে, নিহত তিন ব্যক্তিই ওই এলাকায় কাজ করছিলেন। গতকাল ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে স্থানীয় আরও দুজন বাসিন্দা নিহত হন।
চলতি বছরের ২ মার্চ লেবাননে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৮ হাজার ৭৩০ জন মানুষ।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই যুদ্ধবিরতিতে ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কোনো উল্লেখ ছিল না। অথচ দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহরই সরাসরি সংঘর্ষ ও গোলাগুলি চলছে।

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার পৃথক অসুস্থতায় ভুগে মারা যান যুগিপুকুরিয়া গ্রামের শহর আলী সরদারের দুই ছেলে আছিরদ্দীন (৫৮) ও মোহাম্মদ আলী (৫০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহর আলীর পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে আছিরদ্দীন গত ২০ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। সোমবার ভোরে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। বড় ভাইয়ের দাফনের প্রস্তুতি চলাকালেই দুপুর ১২টার দিকে মারা যান সেজ ভাই মোহাম্মদ আলী। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। স্বজনদের দাবি, তাঁর শরীরে একটি টিউমার জটিল আকার ধারণ করে পরবর্তীতে ক্যানসারে রূপ নিয়েছিল।
একই দিনে দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারটিতে চলছে কান্নার রোল। মৃত আছিরদ্দীনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে মোহাম্মদ আলী রেখে গেছেন এক ছেলে ও পাঁচ মেয়েকে। সোমবার বাদ জোহর বড় ভাই আছিরদ্দীনের এবং বাদ মাগরিব সেজ ভাই মোহাম্মদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন করা হয়।

প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা জানান, অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে গ্রামে বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত¡না দিতে ভিড় করছেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

হামে শিশু মৃত্যুর ভয়াবহতা: বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য এক কঠিন সতর্কবার্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
হামে শিশু মৃত্যুর ভয়াবহতা: বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য এক কঠিন সতর্কবার্তা

শেখ সিদ্দিকুর রহমান
বাংলাদেশ আবারও এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে উঠে এসেছে হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর মৃত্যু ঘটছে। বিভিন্ন প্রতিবেদনে ৪০০-এর বেশি শিশুমৃত্যুর আশঙ্কার কথা বলা হয়েছে, আবার অনেকে মনে করছেন প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। দেশের প্রায় সব বিভাগেই হাম ছড়িয়ে পড়েছে এবং আক্রান্তের সংখ্যা কয়েক কয়েক লক্ষ ছাড়িয়েছে বলে বিশেষজ্ঞরা আশংকা করছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই রোগে আক্রান্তদের বড় অংশই পাঁচ বছরের নিচের শিশু।
বাংলাদেশ একসময় হাম নিয়ন্ত্রণে বিশ্বের সফল দেশগুলোর মধ্যে ধরা হতো। টিকাদান কর্মসূচির মাধ্যমে বহু বছর ধরে হাম প্রায় নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে অর্ন্তবর্তীকালিন সরকারের সময়ে টিকাদানে ঘাটতি, ভ্যাকসিন সংকট, স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা, সচেতনতার অভাব এবং শিশুদের নিয়মিত টিকা থেকে বঞ্চিত হওয়ার কারণে আবারও ভয়াবহভাবে ফিরে এসেছে এই রোগ। আজকের বাংলাদেশে হামের এই পুনরুত্থান শুধু একটি রোগের বিস্তার নয়, বরং এটি আমাদের স্বাস্থ্যব্যবস্থা, রাষ্ট্রীয় প্রস্তুতি এবং সামাজিক সচেতনতার এক কঠিন পরীক্ষাও।
হাম কী ? অনেকেই একে সাধারণ জ্বর বা শিশুদের চর্মরোগ ভেবে ভুল করেন। কিন্তু বাস্তবে হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং খুব সহজেই অন্য শিশু বা মানুষ আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হাম পৃথিবীর সবচেয়ে বেশি সংক্রামক রোগগুলোর একটি। একজন আক্রান্ত ব্যক্তি গড়ে ১২ থেকে ১৮ জন পর্যন্ত অন্য মানুষকে সংক্রমিত করতে পারে। হামের লক্ষণ শুরু হয় সাধারণত জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হওয়া দিয়ে। এরপর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক পরিবার প্রথমদিকে এটিকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে গুরুত্ব দেয় না। কিন্তু এই অবহেলাই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কারণ হাম শুধু চামড়ার ফুসকুড়িতে সীমাবদ্ধ থাকে না; এটি ফুসফুসে নিউমোনিয়া, মস্তিষ্কে সংক্রমণ, তীব্র ডায়রিয়া, অপুষ্টি এবং শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। দুর্বল ও অপুষ্ট শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বিশেষ করে যেসব শিশু টিকা পায়নি বা অসম্পূর্ণ টিকা পেয়েছে, তাদের জন্য হাম প্রাণঘাতী হয়ে ওঠে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এত বেশি মৃত্যু এবার কেন ঘটছে? অতীতে তো হাম ছিল, কিন্তু এত ব্যাপক মৃত্যুর খবর পাওয়া যেত না। এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে।
প্রথমত, টিকাদানে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্যে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত হাম-রুবেলা টিকাদানের হার কমে গেছে। এমনকি কিছু সময় ভ্যাকসিন সরবরাহেও সংকট দেখা দেয়। ফলে বিপুল সংখ্যক শিশু টিকার বাইরে থেকে যায়। দীর্ঘদিন ধরে যেসব শিশু টিকা পায়নি, তাদের মধ্যে একসাথে সংক্রমণ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
দ্বিতীয়ত, করোনা মহামারির পর অনেক দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাংলাদেশও তার বাইরে নয়। বহু পরিবার শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়নি, আবার অনেক এলাকায় স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমও ব্যাহত হয়েছিল। ফলে “ইমিউনিটি গ্যাপ” বা রোগ প্রতিরোধের ফাঁক তৈরি হয়েছে। এই ফাঁকই এখন বিপজ্জনকভাবে প্রকাশ পাচ্ছে।
তৃতীয়ত, দেশের ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে রোগ দ্রুত ছড়িয়ে পড়েছে। ঢাকার বিভিন্ন বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে। যেখানে এক ঘরে অনেক মানুষ থাকে, সেখানে একজন আক্রান্ত হলেই পুরো পরিবার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
চতুর্থত, অপুষ্টি একটি বড় কারণ। বাংলাদেশের বহু শিশু এখনও অপুষ্টিতে ভোগে। অপুষ্ট শিশুর শরীর রোগ প্রতিরোধে দুর্বল থাকে। হাম হলে তাদের নিউমোনিয়া বা মারাত্মক জটিলতা হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। বিশেষ করে ভিটামিন ‘এ’-এর অভাব থাকলে মৃত্যুঝুঁকি বাড়ে। চিকিৎসকেরা তাই হাম আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর ওপর গুরুত্ব দেন।
পঞ্চমত, অনেক পরিবার এখনও কুসংস্কার বা ভুল তথ্যের কারণে টিকা নিতে অনীহা দেখায়। কেউ কেউ মনে করেন টিকা দিলে সমস্যা হয়, আবার অনেকে গুজবে বিভ্রান্ত হন। অথচ বাস্তবতা হলো হামের টিকা কোটি কোটি শিশুর জীবন বাঁচিয়েছে। বিশ্বজুড়ে দুই ডোজ টিকা গ্রহণই হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর সুরক্ষা হিসেবে স্বীকৃত।
সরকারের কী পদক্ষেপ নেওয়া উচিত ছিল এই প্রশ্নও এখন সামনে এসেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান কখনও দুর্বল হতে দেওয়া উচিত ছিল না। দেশে টিকার পর্যাপ্ত মজুত নিশ্চিত করা জরুরি ছিল। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে শিশুদের তালিকা তৈরি করে টিকা নিশ্চিত করতে হতো। স্কুল, মসজিদ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যাপক সচেতনতা বাড়ানো প্রয়োজন ছিল। বিশেষ করে যেসব এলাকায় শিশুরা টিকা পায়নি, সেখানে আগেভাগে বিশেষ ক্যাম্পেইন চালানো গেলে হয়তো এত বড় বিপর্যয় এড়ানো সম্ভব হতো। তবে ইতোমধ্যে সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় লাখ লাখ শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই কর্মসূচি দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। হামের চিকিৎসা নিয়ে একটি ভুল ধারণা সমাজে প্রচলিত আছে। অনেকে মনে করেন হাম হলে “গায়ে বের হতে দিতে হয়”, বেশি ওষুধ খাওয়া যাবে না, বা ঘর অন্ধকার করে রাখতে হবে। এগুলোর অনেকটাই বৈজ্ঞানিক নয়। হাম হলে শিশুকে অবশ্যই চিকিৎসকের পরামর্শে রাখতে হবে। পর্যাপ্ত পানি, পুষ্টিকর খাবার, জ্বর নিয়ন্ত্রণ, শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, স্থানীয় ওষুধের দোকান থেকে ইচ্ছেমতো ওষুধ না খাইয়ে দ্রুত হাসপাতালে নেওয়াই সবচেয়ে নিরাপদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হামের টিকা কি জরুরি? উত্তর হলো, অবশ্যই জরুরি। শুধু জরুরি নয়, এটি শিশুর জীবনের জন্য অপরিহার্য। চিকিৎসাবিজ্ঞান বহু আগেই প্রমাণ করেছে, দুই ডোজ হাম-রুবেলা টিকা একজন শিশুকে মারাত্মক হাম থেকে সুরক্ষা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একটি দেশকে নিরাপদ রাখতে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে হয়। এই হার কমে গেলেই মহামারি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের একটি বড় শিক্ষা দিচ্ছে। একটি রোগকে একবার নিয়ন্ত্রণে আনলেই কাজ শেষ হয়ে যায় না। টিকাদান বন্ধ হলে বা দুর্বল হলে বহু বছর পরেও সেই রোগ ভয়ংকরভাবে ফিরে আসতে পারে। হাম সেই বাস্তবতার নির্মম উদাহরণ। একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়; এটি রাষ্ট্রের জন্যও ব্যর্থতার বেদনা। কারণ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যুগে হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। আজ প্রয়োজন রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে শিশুদের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। দরকার নিরবচ্ছিন্ন টিকাদান, দ্রুত চিকিৎসা, গ্রাম পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মানুষের মধ্যে বৈজ্ঞানিক সচেতনতা গড়ে তোলা। কারণ প্রতিটি শিশুর জীবন মূল্যবান। একটি টিকা, একটি সচেতনতা, একটি সময়মতো চিকিৎসাই হয়তো বাঁচিয়ে দিতে পারে হাজারো নিষ্পাপ প্রাণ।
তথ্যসুত্র : বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও প্রথম আলো।