সাতক্ষীরায় কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ও গ্রামীণ খেলাধুলা
পত্রদূত ডেস্ক: খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা, সহনশীলতা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে সম্পৃক্ত করার লক্ষ্যে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ম্যাচ ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজিত ‘স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
আয়োজনে কিশোর-কিশোরী, যুব ও অভিভাবকেরা অংশ নেন। ফুটবল ম্যাচের পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী বিশ বালিশ ও চেয়ার সেটিং খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন ডেইলি স্টারের সাতক্ষীরা স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা জেলা ফুটবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাসুদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সাবরিনা জেসমিন।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা শিশু ও যুবদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্ব, দলগত কাজ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। পাশাপাশি এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করে।
আয়োজকেরা জানান, খেলাধুলাকে শিশু-কিশোর ও যুবদের সুরক্ষা, সহনশীলতা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে SPiRiT প্রকল্পের এ উদ্যোগ অব্যাহত থাকবে।









