সাতক্ষীরায় পারিবারিক বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে হোসনেআরা খাতুন (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগে জানা যায়, গত শুক্রবার বিকেলে কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা হোসনেআরা খাতুন বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলে প্রতিপক্ষ তাঁর ওপর হামলা চালায়। কিল-ঘুষি ও লাঠিসোটার আঘাতে তাঁর নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম সৃষ্টি হয়। হামলাকারীরা ভ্যানগাড়ি থেকে নগদ ৪ হাজার ৯০ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং হত্যার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
ঘটনায় কাটিয়া সরকারপাড়া এলাকার মো. মিয়াজুল হোসেন, মোছা. সাবিনা খাতুন ও মেহরাজ হোসেনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা প্রদান করে ঘটনাটিকে ‘পুলিশ কেস’ হিসেবে নথিবদ্ধ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।












