সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন
পত্রদূত রিপোর্ট: বাংলা সাহিত্যের দুই প্রধান পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল পাঁচটায় অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
কবি সৌন্দর্য সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ। সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা ও অগ্নিবীণা জেলা সংসদের সভাপতি প্রাণকৃষ্ণ সরকার। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন।
আলোচনায় আরও অংশ নেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এবং ফেয়ার ভিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ও শিক্ষক অরুণ সান্যাল, শিরীন সাদী, মনিরুজ্জামান মুন্না ও মো. জাহিদুর রহমান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্নিবীণা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সোহরাব সবুজ।








