সাতক্ষীরায় হেভি ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা
শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় হেভি ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সংগঠনটির সভায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র অপারেটর রুবেল হোসেন। প্রধান অতিথি ছিলেন সিনিয়র অপারেটর মুজাফফর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ গোলাম মোস্তফা।
বক্তারা বলেন, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো নির্মাণে হেভি ইকুইপমেন্ট অপারেটর ও হেলপাররা ঝুঁকি নিয়ে কাজ করেন। তাঁদের আইনি সুরক্ষা, চিকিৎসাসেবা, সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে মালিকপক্ষকে ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
সভায় শ্রমিকদের পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অপারেটরদের ঘণ্টাপ্রতি মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা, হেলপারদের ঘণ্টাপ্রতি মজুরি ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ এবং কাজের মৌসুমে হেলপারদের মাসিক ন্যূনতম তিন হাজার টাকা বেতন দেওয়া। এ ছাড়া কাজের মৌসুম শেষে গ্যারেজে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের সময় অপারেটর ও হেলপারদের যাতায়াত, খাবার ও দৈনিক হাতখরচের ব্যবস্থা এবং শ্রমিক-মালিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রেখে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, শ্রমিকের জীবনমান ও মর্যাদা নিশ্চিত হলে শিল্পের অগ্রগতিও ত্বরান্বিত হবে। তাঁরা সাতক্ষীরা জেলার সব হেভি ইকুইপমেন্ট অপারেটর ও হেলপারকে ইউনিয়নের সদস্য হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি











