মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ২৫০ জরাজীর্ণ ভবনে ঝুঁকির মুখে ৩৮ হাজার শিক্ষার্থী ও শিক্ষক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ২৫০ জরাজীর্ণ ভবনে ঝুঁকির মুখে ৩৮ হাজার শিক্ষার্থী ও শিক্ষক

পত্রদূত রিপোর্ট: সরকার যখন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, ঠিক তখনই সাতক্ষীরায় ১ হাজার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৫০টি ভবনে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান চলছে। এসব প্রতিষ্ঠানে প্রায় দেড় হাজার শিক্ষক-কর্মচারী ও ৩৬ হাজার কোমলমতি শিক্ষার্থীর জীবন প্রতিনিয়ত সংশয়ের মধ্যে রয়েছে। পুরোনো এসব ভবনের মরিচাপড়া টিন, জরাজীর্ণ দেওয়াল এবং ছাদের পলেস্তারা খসে পড়ার চরম ঝুঁকির মধ্য দিয়েই শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। জীবনহানির শঙ্কায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমান্বয়ে কমছে শিক্ষার্থীর সংখ্যা। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ২৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং দ্রুতই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।
সাতক্ষীরা সদরের কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত স্কুলটির ভবন নির্মিত হয় ২০০৩ সালে। দীর্ঘ ২৩ বছরে ভবনের অবস্থা একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা ও দেওয়ালের প্লাস্টার খসে বেরিয়ে গেছে ইটের দেওয়াল। পাশাপাশি বর্ষায় স্কুল মাঠে পানি জমার কারণে স্কুলে আসার রাস্তাটিও জলাবদ্ধতার কবলে পড়ে। তিনি আরও জানান, হাজারো সংকট আর জীবনের ঝুঁকি নিয়ে চলা এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর ভালো ফলাফল ও বৃত্তি পাওয়ার পরও শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। তিনি দ্রুত নতুন স্কুল ভবন নির্মাণের জোরালো দাবি জানান।
অন্যদিকে, সাতক্ষীরা শহরের দক্ষিণ ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রও প্রায় একই রকম। তবে ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় বিগত নির্বাচনে প্রাপ্ত অর্থ দিয়ে সামান্য কিছু সংস্কারকাজ করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। এ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও দ্রুত নতুন ভবন নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন।
সদরের পশ্চিমে অবস্থিত কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী জানান, বহু পুরোনো এই স্কুলটি ২০১৩ সালে জাতীয়করণ হলেও আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি। নিচু এলাকার টিনশেডের এই ভবনটির টিন ও কাঠের ফ্রেম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এমনকি পর্যাপ্ত বেঞ্চের অভাবে প্লাস্টিকের টুলে বসে শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। বৃষ্টি বা রোদের সময় শ্রেণিকক্ষের ভেতরেও বাইরে মতো অবস্থা তৈরি হয় এবং বর্ষায় স্কুলটি সম্পূর্ণ ডুবে থাকে। গরমের দিনে বাধ্য হয়ে গাছের তলায় পাঠদান চালাতে হয়। এভাবেই জেলার অন্তত ২৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, চরম নিরাপত্তাহীনতার মধ্যে কুলতিয়া স্কুলের শিক্ষাকার্যক্রম চলছে, যার ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা স্কুল চলাকালীন সব সময় শঙ্কার মধ্যে থাকেন। রোদ ও বর্ষার ভোগান্তি নিত্যসঙ্গী। ভবন ও যাতায়াতের রাস্তার সংকটের কথা তুলে ধরে কুলপোতা স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও নানা আশঙ্কার কথা জানিয়েছে। শহরের ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ছাদ বা ফ্যান খসে পড়ার মতো দুশ্চিন্তায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
সাতক্ষীরার এই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ২৫০টি প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আগামী দিনের ভবিষ্যৎ কোমলমতি শিশুদের জীবন রক্ষা এবং অভিভাবকদের আতঙ্ক দূর করতে সরকার অতি দ্রুত এসব স্কুলের ভবন নির্মাণ করবেÑএমনটাই প্রত্যাশা অভিভাবক ও সচেতন মহলের।
এসব বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন বলেন, সাতক্ষীরায় ১ হাজার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৫০টি স্কুলের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষক ও ৩৬ হাজার শিক্ষার্থী জীবনের ঝুঁকিতে রয়েছেন। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব স্কুলের নতুন ভবন নির্মিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো সরকারের জরুরি তহবিল থেকে প্রাপ্ত সীমিত অর্থ দিয়ে সামান্য মেরামত করে কোনো রকমে চালিয়ে নেওয়া হচ্ছে, যা কোনোভাবেই শংকামুক্ত নয়।

Ads small one

তালা উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ডের যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
তালা উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ডের যোগদান

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাহারিয়ার তানভীর আহমেদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পাটকেলঘাটাস্থ উপজেলা ভূমি অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস ধরে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় তালা ও পাটকেলঘাটার মানুষ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়ছিলেন। নতুন এসিল্যান্ডের যোগদানে দ্রুত ভূমিসেবা স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নতুন এসিল্যান্ড শাহারিয়ার তানভীর আহমেদ ভূমিসেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করে জনভোগান্তি কমানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শ্যামনগরে নারী ও যুবদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে নারী ও যুবদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নারী ও যুবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এলাকাভিত্তিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সিসিডিবি-শক্তি প্রকল্পের আয়োজনে ২৩ ও ২৪ নভেম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রকল্পের কার্যালয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা প্রশিক্ষণে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২৫ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে নারী দলের ৮ জন, যুবদলের ৮ জন এবং পুরুষ দলের ৯ জন সদস্য ছিলেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক ছিলেন সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খায়রুল আলম। এ সময় প্রকল্পের কর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে স্বল্প পুঁজিতে এলাকাভিত্তিক ব্যবসা পরিচালনা, উপকূলীয় এলাকায় উন্নত প্রযুক্তির ব্যবহার, ব্যবসায়িক পরিকল্পনা এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অংশগ্রহণকারী মো. শাহিনুর আলম বলেন, তিনি মাছের ব্যবসা করলেও আগে কখনো আয়-ব্যয়ের হিসাব রাখতেন না। এ প্রশিক্ষণ থেকে হিসাব সংরক্ষণের গুরুত্ব বুঝতে পেরেছেন। আরেক অংশগ্রহণকারী মহারানী সরদার জানান, ব্যবসা শুরুর আগে পরিকল্পনা তৈরি এবং পরিকল্পনা অনুযায়ী পরিচালনার বিষয়ে তিনি নতুন ধারণা পেয়েছেন। এমন প্রশিক্ষণের আয়োজন করায় তিনি সিসিডিবির শক্তি প্রকল্পকে ধন্যবাদ জানান।

সাতক্ষীরায় জমি দখল ও পাকা ধান কাটার চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় জমি দখল ও পাকা ধান কাটার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমি দখলের চেষ্টা এবং জমির পাকা ধান কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এনামুল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ৭৬ বছর বয়সী আবুল কাশেম।
অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন, গত ২০ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই অভিযুক্ত ব্যক্তি জমির পাকা ধান কাটার চেষ্টা করেন। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান কাটার কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।