সাতক্ষীরা সদরে নতুন ইউএনও নাজমুল হুসাইনের যোগদান, দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাজমুল হুসাইন। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে তিনি বিদায়ী ইউএনও অর্ণব দত্তের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। রোববার নতুন কর্মস্থলে প্রথম কর্মদিবস পালন করেন তিনি।
দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী ইউএনও অর্ণব দত্তের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা সোহাগ মিলু, উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বিদায়ী ইউএনও অর্ণব দত্ত তাঁর বক্তব্যে বলেন, সাতক্ষীরায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়ও একইভাবে দায়িত্ব পালন ও দেশসেবা করতে সবার দোয়া কামনা করেন তিনি।
নবাগত ইউএনও নাজমুল হুসাইন বলেন, অর্ণব দত্ত ও তিনি একই ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলিজনিত কারণে সাতক্ষীরা সদরে যোগদান করেছেন। আগের কর্মস্থলের মতো সাতক্ষীরাতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণকে মানসম্মত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ জন্য সাতক্ষীরাবাসীর সহযোগিতা কামনা করেন।
নাজমুল হুসাইন মাগুরা জেলার বাসিন্দা। তিনি যশোরে পড়াশোনা করেছেন। ইসলামপুরে ইউএনও হিসেবে দায়িত্ব পালনের পর বদলি হয়ে সাতক্ষীরা সদরে যোগদান করেন।






